আজব দেশে অ্যালিস কিংবা তুষারকন্যা আর সাত বামনের গল্প, সুন্দরী বেলের সঙ্গে অভিশপ্ত ‘বিস্ট’ রূপী রাজকুমারের প্রেম কিংবা আরব্য রজনীর আলাদিন—রূপকথার একেকটা রোমাঞ্চকর গল্প বইয়ের পাতা থেকে সেলুলয়েডের ফিতায় বন্দী হয়েছে ডিজনির হাত ধরেই। গতিশীল বর্ণিল ভিস্যুয়ালে ফ্যান্টাসি রূপকথা আর হতচ্ছাড়া কল্পলোককে আপন মনে হয়েছে ডিজনির কল্যাণেই। ডিজনির ছবি মানেই যেন পৃথিবীর তাবৎ আজব চরিত্রের মজার মজার সংলাপে, রাজা-রানী-রাজকুমারীর কাহিনি, ডাইনি বুড়ি কিংবা জাদুকরের কাঠির ছোঁয়ায় মায়াবী রাজ্যে হারিয়ে যাওয়া। আর তাই ডিজনির ছবির প্রতি আকর্ষণ সব বয়সের মানুষের। সম্প্রতি মুক্তি পেয়েছে ডিজনির নতুন ছবি ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল । মুক্তির প্রথম দিন থেকেই দুই সপ্তাহ ধরে হলিউড বক্স অফিসে শীর্ষে ছিল ডিজনির নতুন এই ছবিটি।চাচা-চাচির সঙ্গে কানসাসে থাকে ডরোথি। হেসেখেলে কেটে যাচ্ছিল ডরোথির জীবন। কিন্তু একদিন এক ঝড়ে কানসাসের সব বাড়িঘর ভেঙে যায়। সর্বনাশা ঝড় ডরোথি ও তার প্রিয় কুকুর টোটোকে ভাসিয়ে নিয়ে যায় রূপকথার মায়াবী নগর ওজে। ডরোথি বাড়ি ফিরতে চায়, কিন্তু পথ খুঁজে পায় না। পথের সঙ্গী হওয়া বুদ্ধিহীন কাকতাড়ুয়া, হূদয়বিহীন টিনের মানুষ আর ভিতু এক সিংহকে সঙ্গে নিয়েই ডরোথি নামে ওজের জাদুকরকে খুঁজে বের করার অভিযানে। কারণ, একমাত্র তিনিই ডরোথিকে কানসাসে ফিরে যাওয়ার পথ বলে দিতে পারেন। ডরোথির এই অভিযানে তাকে সহায়তা করতে এগিয়ে আসে ভালো ডাইনি। কিন্তু এক খারাপ ডাইনি তাদের পথের বাধা হয়ে দাঁড়ায়। ১৯৩৯ সালে অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক ভিক্টর ফ্লেমিং এমনি এক গল্প নিয়ে নির্মাণ করেছিলেন তার কালজয়ী ছবি দ্য উইজার্ড অব ওজ। ছবিটি সেরা ছবিসহ দুটি বিভাগে অস্কার জিতে নেয় সে সময়। চলচ্চিত্র বোদ্ধা আর পরিচালকদের বিভিন্ন জরিপে পৃথিবীর সেরা ১০ ছবির তালিকায় আছে এল ফ্রাংক বৌম-এর উপন্যাস অবলম্বনে নির্মিত দ্য উইজার্ড অব ওজ ছবিটি। যুক্তরাষ্ট্রের ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এর জরিপে বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা চলচ্চিত্রের স্বীকৃতি পায় দ্য উইজার্ড অব ওজ। একসময় বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেলে বছরে কমপক্ষে একবার এই ছবিটি দেখানো প্রায় নিয়মে পরিণত হয়েছিল। সেই তখন থেকে এখন পর্যন্ত ছেলে-বুড়ো সবার কাছেই এই ছবিটি সমান জনপ্রিয়। প্রায় ৭৫ বছর পর ডিজনির হাত ধরে সেই ছবির প্রিকুয়্যেল ছবি ওজ দ্যা গ্রেট অ্যান্ড পাওয়ারফুল রুপালি পর্দায় আনলেন স্পাইডারম্যানখ্যাত পরিচালক স্যাম রাইমি। প্রিক্যুয়েল অর্থাৎ দ্য উইজার্ড অব ওজ ছবিতে যা দেখানো হয়েছে, তার আগে কী ঘটেছিল তাই নিয়েই ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ছবির কাহিনি।তবে এই ছবির কাহিনিতে নেই ডরোথি বরং দেখা যাবে কানসাস শহরের একজন সার্কাস জাদুকর অস্কার ডিগসকে। ডরোথির মতো তিনিও ঝড়ের কবলে পড়ে পৌঁছে যান ওজে। এদিকে শয়তান ডাইনির অত্যাচারে দিশেহারা ওজ শহরের মানুষেরা। কিন্তু তারা বিশ্বাস করে স্বর্গ থেকে হয়তো কোনো একদিন ওজের জাদুকর এসে শয়তান ডাইনির হাত থেকে তাদের মুক্তি দেবে। অস্কার ডিগস নিজেকে জাদুকর বলে পরিচয় দেওয়ায় তাঁকেই তারা সেই জাদুকর ভাবল, যার জন্য এত দিন ওজের বাসিন্দারা প্রতীক্ষায় ছিল। কিন্তু অস্কার ডিগস আসলে সত্যিকারের কোনো জাদুই জানতেন না। তিনি তো স্রেফ এক ম্যাজিশিয়ান! তবে কী করে ওজের মানুষদের রক্ষা করবেন তিনি? তিনি কী পারবেন অস্কার ডিগস থেকে দ্য উইজার্ড অব ওজ হয়ে উঠতে?ছবিটিতে অস্কার ডিগস চরিত্রে অভিনয় করেছেন ১২৭ আওয়ার্সখ্যাত অভিনেতা জেমস ফ্রাঙ্কো। অন্যদিকে তিন ডাইনি থিয়োডোরা, ইভানোরা ও গ্লিন্ডা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মিলা কুনিস, রাচেল ভাইজ ও মিশেল উইলিয়ামস। থ্রিডি ফরমেটে মুক্তি পাওয়ায় ছবিটিতে রয়েছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ। ছবিটি সম্পর্কে সমালোচকেরা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবি ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল মুক্তির প্রথম মাসেই ২০০ কোটির ওপর আয় করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে। সাজিদুল হক ইন্টারনেট অবলম্বনে