
অলডিনের কনসার্টে এত লোক! ইউটিউবে তাঁর ‘লাইটস কাম অন’ গানের ভিডিও দেখে মনে হতে পারে, শুটিংয়ের জন্যই বুঝি জড়ো করা হয়েছে তাদের। সাউন্ড ক্লাউডের যুগে এত লোক কনসার্টে যাবে, সময় কোথায়? কনসার্টেই যদি সশরীরে যাবে তো গান শোনার জন্য এত এত ওয়েব প্ল্যাটফর্ম লোকে বানাবেই বা কেন?
বাস্তবতা হচ্ছে জ্যাসন অলডিনের কনসার্টের টিকিট নাকি খোদ মার্কিনরাই পান না। শিল্পীর জনপ্রিয়তার আঁচ পাওয়া গিয়েছিল গত সপ্তাহের বিলবোর্ড টপ চার্টেও। এ মাসে বেরিয়েছে জ্যাসনের সপ্তম একক অ্যালবাম দে ডোন্ট নো। ইতিমধ্যে টপ টু হান্ড্রেড-এর ১ নম্বরে সেটি। এ অবশ্য অলডিনের জন্য নতুন নয়। আগের দুটো অ্যালবামও ছিল শীর্ষে, অর্থাৎ ১ নম্বরে। ‘১ নম্বর’ বলে ব্যাপারটা পুরোপুরি বোঝানো মুশকিল। দেখে নেওয়া যাক অ্যালবামগুলো বিক্রির সংখ্যাটা।
২০১২ সালে প্রকাশিত অলডিনের পঞ্চম অ্যালবাম নাইট ট্রেন বিক্রি হয়েছিল ৪ লাখ ৯ হাজার কপি এবং ২০১৪ সালে প্রকাশিত ষষ্ঠ অ্যালবাম ওল্ড বুটস, নিউ ডার্ট বিক্রি হয়েছিল ২ লাখ ৭৮ হাজার কপি। চলতি মাসের ৯ তারিখে প্রকাশিত দে ডোন্ট নো-এর বিক্রি ইতিমধ্যে ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। এই অ্যালবামের মধ্য দিয়ে গত বছরের আগস্টের পর আবারও কোনো কান্ট্রি সংয়ের অ্যালবাম টপ চার্টে উঠল।
কান্ট্রি সং মানেই সেই ওয়েস্টার্ন ধাঁচের সুর আর পুরোনো আমেরিকার ঘ্রাণ লেগে থাকা নস্টালজিয়া। সে জন্যই হয়তো অলডিন তাঁর পোশাকে ধরে রেখেছেন কাউবয় ধাঁচ—মাথায় কাউবয় হ্যাট, পায়ে বুট। সেই সময়ের মতোই প্রিয় মানুষদের জন্য তাঁর অসীম ভালোবাসা। ২০১৪ সালে সিএমটির ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার নেওয়ার সময় মানুষগুলোকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এত এত মানুষের কাছে যাঁর ভালোবাসার ঋণ, তাঁর শিখরযাত্রা ঠেকায় কে? সেই তালিকায় ছিলেন বাবা-মা, সৎমা, প্রেমিকা, দুই মেয়ে, রেকর্ড কোম্পানি, বুকিং এজেন্ট, ট্যুর প্রমোটার, দেশের রেডিও এবং ভক্তকুল।
আমাদের দেশে গাঁটের পয়সা খরচ করে গান কেনার লোক মেলে না। বেশির ভাগই ফ্রি ডাউনলোডে আগ্রহী। অন্যদিকে সারা বিশ্বের শ্রোতারা ক্লাউডের দোকান থেকে কিনছেন লাখ লাখ অ্যালবাম কিংবা খুচরা গান। বিনা মূল্যের অডিও-ভিডিও প্ল্যাটফর্মগুলোতে দেখছেন এবং শুনছেন কোটি কোটি সংগীতপ্রেমী। চলুন না, এক্ষুনি আরও একবার দেখে নিই জ্যাসন অলডিনের ‘নাইট ট্রেন’ গানটি।
রাসেল মাহ্মুদ
বিলবোর্ড, রোলিং স্টোন অবলম্বনে
>টপচার্ট
বলিউড
১. আকিরা (সোনাক্ষি সিনহা, অনুরাগ কাশ্যপ,
কঙ্কনা সেন শর্মা)।
২. বার বার দেখো (সিদ্ধার্থ মালহোত্রা, ক্যাটরিনা কাইফ)।
৩. পিঙ্ক (অমিতাভ বচ্চন, তাপসী পান্নু)।
৪. রাজ রিবুট (এমরান হাশমি, কৃতি খারবান্দা)।
৫. ফ্রিকি আলী (নওয়াজুদ্দিন সিদ্দিকী, সোহেল খান)।
সূত্র: বলিউড হাঙ্গামা
হলিউড
১. সালি (টম হ্যাংকস, লরা লিনে)।
২. ব্রিগেট জোনস’স বেবি (রেনে জেলওয়েগার, কলিন ফার্থ)।
৩. স্নোডেন (জোসেফ গর্ডন-লেভিট, শ্যালিন উডলি)।
৪. ব্লেয়ার উইচ।
৫. ডোন্ট ব্রিথ (জেন লেভি, স্টেফেন ল্যাং)।
সূত্র: বক্সঅফিস মোজো