আবার এল যে সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর ইতিহাসে প্রায়ই দেখা যায়, নিখাদ প্রতিভাবান ব্যক্তিরা জীবদ্দশায় তাঁদের প্রাপ্য সম্মানটুকু পান না। তবুও চাপা অভিমান আর যন্ত্রণাবোধকে আড়াল রেখে এই মানুষেরা নিজ নিজ ক্ষেত্রে নিজেদের মেধা ও প্রজ্ঞার বর্ণিলতা ছড়িয়ে দেন আপন লীলায়। নিজের অর্জিত অভিজ্ঞতা আর সাধনালব্ধ জ্ঞান উৎসর্গ করেন পরবর্তী প্রজন্মের কল্যাণে।স্বাধীনতা-পরবর্তী বাংলা গানের নবজাগরণ ও নতুন দিনের বাংলা গানের মিছিলের অগ্রভাগে থাকা অকালপ্রয়াত সংগীতশিল্পী হ্যাপি আখান্দ তেমনি এক ক্ষণজন্মা প্রতিভার নাম। তাঁর গাওয়া ‘আবার এল যে সন্ধ্যা’, ‘কে বাঁশি বাজায় রে’, খোলা আকাশের মতো তোমাকে হূদয় দিয়েছি, ‘নীল নীল শাড়ি পরে’, ‘পাহাড়ি ঝরনা’, ‘এই পৃথিবীর বুকে আসে যায়’, স্বাধীনতা তোমায় নিয়ে গান তো লিখেছি’র মতো কালজয়ী গানগুলো আজও এ দেশের শ্রোতাদের হূদয়কে সমানভাবে আলোড়িত করে। পাশাপাশি তাঁর সংগীত আয়োজনে ‘ফেরদৌস ওয়াহিদের গাওয়া ‘এমন একটা মা দে না’, প্রয়াত ফিরোজ সাঁইয়ের গাওয়া ‘ইশকুলখুইলাছে রে মাওলা’ গানগুলো ওই সময় তারুণ্যের মধ্যে তৈরি করেছিল নতুন উদ্দীপনা।সংগীত পরিবারে জন্ম নেওয়ার কল্যাণে বাবা এবং বড় ভাই লাকি আখান্দের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতজ্ঞান, আবেশী কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে গিটার, পিয়ানো, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর সহজাত দক্ষতায় বিস্মিত করে রেখেছিলেন সেই সময়ের সংগীত-শ্রোতা ও শিল্পীদের। আর ডি বর্মণ, মান্নাদের মতো সংগীতজ্ঞের প্রশংসা আর স্নেহ অর্জন করেছিলেন স্বীয় যোগ্যতায়। অকালপ্রয়াত এই নক্ষত্র সম্পর্কে সহোদর সঙ্গীতজ্ঞ লাকি আখান্দ বলেন, ‘হ্যাপির সংগীত-প্রতিভা ছিল আক্ষরিক অর্থেই বিস্ময়কর। সংগীতের প্রতি তাঁর একাগ্র নিষ্ঠা আর ভালোবাসার পাশাপাশি স্রষ্টা প্রদত্ত কিছু সহজাত গুণাবলি ও দক্ষতার কারণে আমরা যারা একই সময়ে সংগীত চর্চা করতাম, তাদের সবার মধ্যে ও ছিল সর্বাপেক্ষা উজ্জ্বল। নিজের সুরেলা কণ্ঠের জাদুতে হ্যাপি শ্রোতাদের হূদয়ের সব বন্ধ জানালা খুলে দিতে পারতেন। গিটার, পিয়ানো, তবলা যা-ই বাজাতেন, এক অদ্ভুত ভালোলাগার জন্ম দিতে পারত তাঁর সংগীত। পৃথিবীর নানা ধাঁচের সংগীত শুনে শুনে ও দেশ-বিদেশের বিভিন্ন গুণী শিল্পীদের সান্নিধ্যে অর্জিত সংগীতের নানা জ্ঞান ও দর্শন অকাতরে বিলিয়ে দিতেন নিজের বন্ধুপ্রতিম সহশিল্পী আর ছাত্রদের মধ্যে। সেই সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে ও নতুনত্ব আনতে হ্যাপি তাঁর উদ্ভাবনী শক্তিকে সব সময় কাজে লাগাতেন। একবার কলকাতার এইচএমভি সংগীত প্রযোজনা সংস্থার একটি গানের রেকর্ডিংয়ে আমি, হ্যাপি ও আহমেদ ইমতিয়াজ বুলবুল কাজ করছিলাম। হ্যাপি তবলা বাজানোর সময় শুধু তবলার “বায়া” দিয়ে এমন অদ্ভুত সুন্দর তাল বাজাচ্ছিলেন যে এইচএমডির তৎকালীন পরিচালক কলিম শরাফী রেকর্ডিং রুমে ঢুকে অবাক হয়ে হ্যাপির বাজানো দেখছিলেন। হ্যাপির সংগীত সবাইকে আনন্দ দিলেও তাঁর নিজের জীবন কেটেছে অনেক অভিমান আর কষ্টে।’এ সময়ের সংগীতাঙ্গনের অধিকাংশ প্রতিষ্ঠিত গায়ক, বাদক সংগীত শিক্ষা ও দিকনির্দেশনা পেয়েছিলেন হ্যাপি আখান্দের কাছ থেকে। এমনকি মৃত্যুর এত বছর পর এখনো নতুন প্রজন্মের অনেক শিল্পীর প্রেরণার উৎস হিসেবে কাজ করেন তিনি। ক্ষণজন্মা এই প্রতিভাবান ১৯৬৩ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। ৪৭তম জন্মদিনে স্মরণ করছি এই প্রতিভাবান সংগীতশিল্পীকে। সৌরভ দাস, সংগীতশিল্পী ও সাংবাদিক