
বেশির ভাগ সুপার হিরোদের সৃষ্টিই কমিক বইয়ের পাতায়। কিন্তু কৃষের সৃষ্টি কোনো কমিকের পাতায় নয়, বরং সেলুলয়েডের ফিতায়, বলিউডের এক ছবির গল্পেই। তবে এই গল্পের পেছনেও রয়েছে আরেক গল্প। সেই লুকিয়ে থাকা গল্পটাই আগে বলি।
১৯৬২ সালে সত্যজিৎ রায় ‘বঙ্কুবাবুর বন্ধু’ নামে একটি বিজ্ঞান কল্পকাহিনি লিখেছিলেন, যেটা রায়দের পারিবারিকভাবে প্রকাশিত শিশুতোষ সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এই কল্পগল্পে সত্যজিৎই প্রথম এমন এক এলিয়েনকে পৃথিবীতে নিয়ে আসেন, যে কিনা সদয় ও বন্ধুভাবাপন্ন। অন্য সব গল্পে ভিনগ্রহ থেকে আসা এলিয়েনদের সব সময় ভয়ংকর, বিধ্বংসী আর শত্রুভাবাপন্ন হিসেবেই দেখানো হয়। ছবির জগতের প্রতাপশালী এই পরিচালকের মনে ‘বঙ্কুবাবুর বন্ধু’ গল্পের কাহিনি নিয়েই একটি ছবি বানানোর ইচ্ছা জাগল। ছবির চিত্রনাট্যও তৈরি করে ফেললেন সত্যজিৎ। ছবির নাম রাখলেন দ্য এলিয়েন। কিন্তু যখন সবকিছুই প্রস্তুত, সত্যজিৎ জানতে পারলেন যে দ্য এলিয়েন ছবির চিত্রনাট্যের স্বত্ব তাঁর নামে আর নেই। এমনকি কলম্বিয়া পিকচার্স চিত্রনাট্যের জন্য অগ্রিম যে টাকা দিয়েছেন, সেটাও হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে সেই মানুষটি। পরবর্তী সময়ে সত্যজিৎ রায় চিত্রনাট্যের স্বত্ব উদ্ধার করতে পারলেও দ্য এলিয়েন ছবির প্রজেক্টের সেখানেই সমাপ্তি হয়। কিন্তু ১৯৮২ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল ছবিটি সত্যজিতের সেই দ্য এলিয়েন-এর কথাই আবার মনে করিয়ে দেয় আমাদের। ই.টি. মুক্তি পাওয়ার পরপরই ছবিটির সঙ্গে সত্যজিতের লেখা গল্পের মিল খুঁজে পান অনেকে। কারণ, ছবিটির চিত্রনাট্যের মাইমোগ্রাফ কপি হলিউডে ছড়িয়ে পড়েছিল দ্য এলিয়েন ছবির কাজ শুরু হওয়ার সময়। তবে হলিউডের অস্কারজয়ী এই পরিচালক নিছক কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিয়েছিলেন ব্যাপারটি। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সংবাদমাধ্যমকে স্পিলবার্গ বলেছিলেন, ‘যখন সত্যজিৎ রায়ের চিত্রনাট্য হলিউডে ঘোরাঘুরি করছিল, তখন আমি ছিলাম হাইস্কুলের ছাত্র।’
এরপর কেটে গেছে আরও দুই যুগ। তখনো ভারতীয় ছবি বিজ্ঞান কল্পকাহিনির ছোঁয়া পায়নি। শুরুটা হলো বাপ-বেটার প্রজেক্ট দিয়েই। ২০০৩ সালে মুক্তি পেল রাকেশ রোশন পরিচালিত এবং প্রযোজিত বলিউডের প্রথম সাই ফাই মুভি কোই মিল গ্যায়া। হূতিক রোশন, প্রীতি জিনতা ও রেখা অভিনীত সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য জুটিয়ে অধিকাংশ চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নিল। ছবির ভিনগ্রহের বাসিন্দা সেই ‘জাদু’কে আপন করে নিল বলিউডবাসী। কিন্তু ছবির কাহিনি আবারও চেনাচেনা লাগে। সত্যজিতের চিত্রনাট্য কি তবে হলিউডে ঘোরাঘুরি করে দুই যুগ পর বলিউডে এল? ঠিক তা-ই। এই ছবির গল্পও আসলে সেই সত্যজিতের দ্য এলিয়েন-এর ছায়া অবলম্বনেই নির্মিত। তবে রাকেশ রোশন এই ছবি দিয়ে সৃষ্টি করেছেন বলিউডবাসীর জন্য নতুন এক সুপার হিরো চরিত্র। বলিউডের প্রথম সুপার হিরো কৃষ। কোই মিল গ্যায়ার গল্প যেখানে শেষ, সেখান থেকেই তো কৃষ-এর সৃষ্টি।

২০০৬ সালে কোই মিল গ্যায়ার সিক্যুয়েল হিসেবে পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন বড় পর্দায় বলিউডের প্রথম সুপার হিরো মুভি কৃষ নিয়ে হাজির হন সবার সামনে। ছবিটির একটি উল্লেখযোগ্য দিক ছিল জাতীয় পুরস্কার জয় করে নেওয়া এর স্পেশাল ও ভিজ্যুয়াল ইফেক্ট। এর আগে কখনো বলিউডে এত বিশাল পরিসরে এবং এত ব্যয়বহুল ইফেক্ট ব্যবহার করতে দেখা যায়নি। প্রথমটির মতো এটিও বক্স অফিসে রেকর্ড সাফল্য পায়। বিশেষ করে সুপার হিরো ‘কৃষ’ দারুণ জনপ্রিয় একটি চরিত্র হয়ে ওঠে বাচ্চাদের মধ্যে। তবে এরপর বেশ লম্বা একটা বিরতি নিলেন রাকেশ রোশন। প্রায় সাত বছর পর দেওয়ালি সপ্তাহে মুক্তি পাচ্ছে রাকেশ রোশন পরিচালিত এ বছরের অন্যতম প্রতীক্ষিত কৃষ-এর সিক্যুয়েল ছবি কৃষ থ্রি। তবে আগের দুটি থেকেও বিশাল পরিসরে এবার হাজির হচ্ছে কৃষ থ্রি। কেন্দ্রীয় চরিত্রে হূতিক রোশন তো থাকছেনই। তবে এবার সত্যিকারের এক সুপার হিরোর সঙ্গে দেখা যাবে ভয়াবহ এক ভিলেনকেও। ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। প্রিয়াংকা ছাড়াও কায়া নামে আরেকটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন গ্যাংস্টারখ্যাত কঙ্গনা রনৌত। আগের দুটি থেকেও খুব শক্তিশালী ও ব্যয়বহুল স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়েছে নতুন কৃষ থ্রিতে। এই বিভাগে কোনো কার্পণ্য করেননি রাকেশ। এ ছাড়া এবারের পর্বের স্পেশাল এবং ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে আছে জাতীয় পুরস্কার জিতে নেওয়া শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিস ভিএফএক্স। সব গানের সুরকার আগের মতোই রাজেশ রোশন ও আবহসংগীতে সেলিম-সোলাইমান। অফিসিয়াল ট্রেলর দেখতে দেখতে প্রতীক্ষার প্রহর গোনা শেষ। নতুন অভিযানে কৃষ এবার কেমন বিপদের মুখোমুখি হচ্ছে? এবারের চ্যালেঞ্জটা কি আগেরবারের চেয়েও বেশি? সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল।
সাজিদুল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, ইন্ডিয়া টাইমস, এনডিটিভি, জিনিউজ, উইকিপিডিয়া অবলম্বনে