আবার কথাবন্ধু

কথাবন্ধু হিসেবে আবার কাজ শুরু করছেন শারমিন লাকি। তাঁর এবারের অনুষ্ঠানের নাম ‘টোটাল টাইমপাস উইথ শারমিন লাকি’। আগামী ২ জুলাই থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে রেডিও ফুর্তিতে, সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বেলা একটা থেকে প্রতিদিন তিন ঘণ্টা। এরই মধ্যে রেডিও ফুর্তির সঙ্গে চুক্তি সই করেছেন লাকি। তিনি বলেন, ‘আমার ছেলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে টুয়েলভথ স্ট্যান্ডার্ডে পড়ছে। ওর কাছে যেতে হয়। রেডিও ফুর্তি কর্তৃপক্ষ চাইছে, এবার যেন আমি এক বছর কাজ করি, কিন্তু আপাতত ছয় মাসের জন্য চুক্তি করেছি।’
‘টোটাল টাইমপাস উইথ শারমিন লাকি’ অনুষ্ঠান নিয়ে লাকি বলেন, এই অনুষ্ঠানে থাকবে লাইফস্টাইল, বেড়ানো, খাবারের রেসিপি, সুস্থ থাকার জন্য নানা টিপস, বিভিন্ন ধ্রুপদি ছবির কথাসহ নানা কিছু। আর থাকবে শ্রোতাদের সরাসরি অংশগ্রহণ।
বিজ্ঞাপন ও তথ্যচিত্রে দীর্ঘ ১৫ বছর ধরে কণ্ঠ দিচ্ছেন লাকি। তিনি বলেন, ‘কাজটি আমি দারুণ উপভোগ করি।’
বছর দুয়েক আগে রেডিও ফুর্তিতে ‘মাই টাইম উইথ মি শারমিন লাকি’ নামে আরেকটি অনুষ্ঠান করেছিলেন লাকি। তখন অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল পুরো এক বছর।