আবার কাজের ময়দানে আসতে চাই: খলিল
নিত্যদিনের সঙ্গী ছিল তাঁর ভেসপা। সেটি এখন অনাদরে আর অবহেলায় পড়ে আছে। ‘যদি কেউ নিয়ে যায় যাবে। ওটা এখন আর ব্যবহার করতে পারি না।’ কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলছিলেন মিয়ার বেটাখ্যাত খলিল। তাঁর কথার মধ্যে নেই এখন সেই ক্ষিপ্রতা। নেই ভরাট কণ্ঠস্বর। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। মাত্র চার দিন হলো হাসপাতাল থেকে মেয়ের বাড়িতে উঠেছেন। ঘরের বাইরে বের হন না। তাঁর বেশির ভাগ সময় কাটে ঘুমিয়ে। কখনো জানালার পানে তাকান, খানিকক্ষণ তাকাতেই চোখ ঝাপসা হয়ে আসে। মনে পড়ে যায় অনেক অনেক স্মৃতি, কখনো স্পষ্ট, আবার কখনো অস্পষ্টভাবে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার অনেক পরে হয়তো অনুভব করেন তিনি, স্মৃতি তাঁকে কাঁদাচ্ছে।বাংলাদেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বহু ঘটনা এবং কালের সাক্ষী হয়ে আছেন অভিনেতা খলিল। শারীরিক অসুস্থতার কারণে অনেক কথা বলতে গিয়েও থেমে যেতে হয় তাঁকে। তিনি বললেন, ‘বেশি কিছু ভাবতে পারি না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি। মানুষের ভালোবাসা আর ওপরওয়ালার বিশেষ রহমতের কারণে ফিরে এসেছি। একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। খুবই দুর্বল লাগে। ঘর থেকে বেরোতে মন চাইলেও সম্ভব নয়। মাস খানেক হয়তো এ বিশ্রামে থাকতে হবে। তারপর আবার কাজে ফিরে আসতে চাই। কাজ করতে চাই।’খলিল আবেগাপ্লুত হয়ে পড়েন। কিছুটা সময় পর নিজেকে সামলে নেন। জানতে চাইলাম, যখন সুস্থ হয়ে উঠলেন এবং জ্ঞান ফিরে পেলেন, তখন কী মনে হচ্ছিল আপনার?খলিল মনে করতে পারছিলেন না। ‘খুবই কঠিন একটি সময় ছিল আমার জন্য। মনে হচ্ছিল, আমার মাথায় কিছুই নেই। আমার মনের মধ্যে কিছু নেই। সবকিছুই যেন শূন্য। আস্তে আস্তে আমি সবকিছু মনে করতে পারি। ওই মুহূর্তটার কথা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।’বাসায় ফেরার পরে খলিল প্রথম আলোর আনন্দ পাতায় হুমায়ুন ফরীদির একটি লেখা পড়েছেন। এটি পড়ে ভীষণ খুশি হলেন! হুমায়ুন ফরীদি খলিলের সুস্থতা কামনা করে লেখাটি লিখেছিলেন। ‘অদ্ভুতভাবে ফরীদি লেখাটি লিখেছে। আমি লেখাটি পড়ে ফরীদিকে ফোন করে ধন্যবাদ জানিয়েছি। লেখাটি যত্ন করেই রেখে দিয়েছি। এ রকম আরও অনেক শুভাকাঙ্ক্ষীকে আমি ধন্যবাদ জানিয়েছি।’প্রসঙ্গ পাল্টাই। যে প্রজন্মের কাছে আপনি নাটক ও সিনেমাকে ছেড়ে দিচ্ছেন, তাদের কাজ কেমন হচ্ছে?খলিল খুব আশার কথা শোনালেন না। একটু বড় করেই শ্বাসটা ছাড়লেন যেন। ‘এখন যে ভাইয়েরা কাজ করছেন, তাঁরা তাঁদের মতো করেই চেষ্টা করছেন। যখন সেখানে আমি থাকি, আমার কথা বলি যে এভাবে কাজটা করেন। তাঁরা তো তাঁদের নিজস্বতায় কাজ করেন। সেখানে আমার খুব কি বেশি কিছু বলার থাকে?’ বাংলা সিনেমা যে অনেকটা মৃত্যুর দুয়ারে চলে গেছে, সে বিষয়ে খলিল একমত। তিনি বলেন, ‘এটা ভাবলে খারাপ লাগে। কী-ই বা করার আছে। সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এক দিনে তো এ অবস্থা হয়নি। দিনে দিনে অবনতি হতে হতে আমাদের সিনেমার বাজারটা আজ এতটা খারাপ হয়েছে। তার পরও আশা করি, একদিন ভালো হবে আমাদের সিনেমার বাজার। এ আশাটুকু মনের মধ্যে জোর এনে দেয়।’একটানা বেশিক্ষণ কথা বলতে পারেন না খলিল। কিছুক্ষণ আগেই ঘুমটা ভেঙেছিল। চোখের পাতা ভারী হয়ে আসছে। আবার ঘুমাবেন তিনি। গলার স্বর যেন সেই সংকেতই দিচ্ছিল।খলিল অস্পষ্ট স্বরে বলছিলেন, ‘সবাই ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবার কাজের ময়দানে আসতে পারি। তখন আরও অনেক কথাই হবে।’