আবার কুংফু পান্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুংফু পান্ডা থ্রি
কুংফু পান্ডা থ্রি

বড়সড় নাদুসনুদুস পান্ডা। নাম তার পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়। যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো। কুংফু পান্ডা সিরিজের আগের দুটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে সব বয়সী মানুষের কাছে।
২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রজুড়ে মুক্তি পাচ্ছে কুংফু পান্ডা থ্রি। এতে পান্ডাটির লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের সব বয়সী দর্শকেরা। সিরিজের তৃতীয় ছবিটিকে নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন দুই পরিচালক আলেহান্দ্রো কারলনি ও জেনিফার ইয়ুহ নেলসন। তাঁরা জানান, নতুন ছবিকে আরও সমৃদ্ধ, আরও মহাকাব্যিক, আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টাই তাঁরা করেছেন।
হলিউডে সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্রগুলোর একটি এই কুংফু পান্ডা সিরিজ। মূল চরিত্র পোকে এবারের পর্বে দেখা যায় পুরোপুরি পান্ডা-অধ্যুষিত একটি জায়গায়। সেখানে তার দেখা হয় নিজের বাবার সঙ্গে। আর সে জানতে পারে, তার বাবা পান্ডাদের গোষ্ঠীগত বিরোধের সময় হত্যাযজ্ঞে মারা যাননি। অন্যদিকে, পো-এর কুংফু শিক্ষক মাস্টার শিফু ঘোষণা দেন অবসরে যাওয়ার। ফিউরিয়াস ফাইভের নতুন প্রশিক্ষক হিসেবে তিনি পোকে নিয়োগ দেন।
কাহিনির একপর্যায়ে পাতালপুরি থেকে বেরিয়ে আসে দুষ্ট কাই। কুংফু বিশেষজ্ঞদেরও একে একে হারিয়ে দিতে শুরু করে সে। তখন পো বুঝতে পারে, বিশেষ এক ধরনের বিদ্যা আয়ত্ত করলেই একজন কুংফু যোদ্ধা কাইকে মোকাবিলা করতে পারবে। নিজেদের অস্তিত্বের ওপর এই হুমকি মোকাবিলার লক্ষ্যে সে কি ওই নতুন রণকৌশল রপ্ত করতে পারবে?
অতিপ্রাকৃতিক ক্ষমতাধর নতুন খল চরিত্রের মুখোমুখি হওয়ার জন্য মার্শাল আর্টের কলাকৌশল আরও নিখুঁতভাবে শেখার প্রত্যয় নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা শুরু করে পান্ডাটি। সে প্রবেশ করে এক আধ্যাত্মিক জগতে, যেখানে শূন্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে। পো টের পায়, এটাই তার নিজ সত্তাকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে উপযোগী স্থান।
কুংফু পান্ডা থ্রি ছবিতে পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরও উন্নত করার চেষ্টায় নিমগ্ন। কম্পিউটারে ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশনের মাধ্যমে তৈরি ছবিটির দৃশ্যায়ন এককথায় অসাধারণ। চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর এই অ্যাকশন চলচ্চিত্রে গল্প বলার ধরন আর চরিত্রগুলোর অভিব্যক্তি ও সংলাপের মোহনীয়তা অনন্য। তাই দর্শকের মনেই থাকে না যে এটা নিছক অ্যানিমেশন ছবি। পো একই সঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভূমিকায়। প্রতিটি দায়িত্ব পালনের কাজ শেষ করার পর সে দেখতে পায় সামনে নতুন আরেকটা ধাপ এসে হাজির। বিশ্রামের অবকাশ নেই!
অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য ছবিতে কণ্ঠ দিয়েছেন বড় বড় তারকারা। তাঁদের মধ্যে আছেন জ্যাক ব্ল্যাক, অ্যাঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যান, লুসি লিউ, জ্যাকি চ্যান, সেথ রজেন, কেট হাডসন প্রমুখ। কুংফু পান্ডা সিরিজের প্রথম ছবিটি এসেছিল ২০০৮ সালে আর দ্বিতীয়টি ২০১১ সালে। পাঁচ বছর অপেক্ষার পর এলো তৃতীয়টি। দেখা যাক, এটা দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।
আশিস আচার্য
ফোর্বস ও লাতিন টাইমস অবলম্বনে