আবার কোনাল

২০০৯ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কোনাল। তিন বছর পর বের হয় তাঁর প্রথম একক অ্যালবাম। নাম কোনাল’স যাদু। এরপর তিনি কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্রের গান, টিভির অনুষ্ঠান আর মিশ্র শিল্পীর অ্যালবামে। টিভির বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা গেছে তাঁকে। ব্যস্ত আছেন মঞ্চে গান গাওয়া নিয়েও। সঙ্গে আছে পড়াশোনা। বললেন, ‘ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন একক অ্যালবামের কাজ শুরু করতে পারিনি। এবার সবকিছু থেকে সময় বের করেছি। নতুন অ্যালবামের কাজ করছি। এরই মধ্যে কয়েকটি গানের কাজ শেষ হয়েছে।’
নিজের নতুন গান নিয়ে কোনাল বলেন, ‘আমি ভালো কথা আর সুরের গান করার পক্ষপাতী। তেমনি কিছু গান করছি। এবার বিষয়ভিত্তিক গান বেশি করছি। এর মধ্যে আছে দেশ, মা, বন্ধু, বৃষ্টি।’
অ্যালবামটি কোরবানির ঈদের আগে শ্রোতাদের হাতে তুলে দিতে চান কোনাল। সেভাবেই কাজ এগোচ্ছে। কোনালের এবারের অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, বাপ্পা মজুমদার ও ফুয়াদ আল মুক্তাদির।