আবার ক্যামেরার সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেডিও জকি ও কতিপয় গল্প নাটকে সোহানা সাবা ও ইমন সাহা
রেডিও জকি ও কতিপয় গল্প নাটকে সোহানা সাবা ও ইমন সাহা

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা একসময় অভিনয় করতেন। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। ইমন সাহা সর্বশেষ অভিনয় করেন ১৯৮৮ সালে। ছবির নাম রাম রহিম জন। এর আগে অভিনয় করেছেন অপমান, মায়ের আঁচল ও গুনাই বিবি ছবিতে। নাটকেও অভিনয় করেছিলেন। ১৯৯৯ সালে ঈদে প্রচারিত ছয় পর্বের ওই নাটকের নাম খান বাহাদুরের তিন ছেলে। আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ইমন সাহা। নাটকের নাম রেডিও জকি ও কতিপয় গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।
ইমন সাহা বলেন, ‘এটাকে আমি ঠিক অভিনয় বলতে চাই না। আবার যেহেতু ক্যামেরার সামনে নানা সংলাপ বলেছি, তাকে অভিনয়ও বলতে পারেন। এখানে আমি নিজের কথা বলেছি, এসেছে আমার বাবা সত্য সাহার প্রসঙ্গ, চেন্নাইয়ের এ আর রাহমানের ইনস্টিটিউটে পড়ার অভিজ্ঞতা, গানের কথা। আমি তো এখন পুরোপুরি গানের মানুষ। সারা দিন গান নিয়েই থাকি। এবার অভিনয় করতে এসে ভালোই লেগেছে।’
রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তিনি বলেন, ‘গল্পে ইমন সাহা রেডিওতে সাক্ষাৎকার দিতে আসেন। আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। এরপর নানা জটিলতার মুখোমুখি হতে হয় আমাকে।’
মুরাদ পারভেজ জানান, রেডিও জকি ও কতিপয় গল্প ছয় পর্বের ধারাবাহিক নাটক। কোরবানির ঈদে প্রচারিত হবে এটিএন বাংলায়।