আবার গণসংগীতের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির আলমগীরের গাওয়া গণসংগীতের সর্বশেষ অ্যালবামটি ছিল শিখা অনির্বাণ। সময়টা ছিল ১৯৮৮ সাল। এরপর তাঁর যে অ্যালবামগুলো বেরিয়েছে, ফকির আলমগীরের ভাষায় সেগুলো বিষয়ভিত্তিক গণসংগীত। দীর্ঘ ২২ বছর পর আবার মূল গণসংগীতে ফিরে যাচ্ছেন ফকির আলমগীর। এরই মধ্যে শুরু করেছেন গণমানুষের গান নিয়ে নতুন অ্যালবামের কাজ। এর নাম দিয়েছেন শপথের গান।ফকির আলমগীর জানান, তাঁর এই নতুন অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রাণে প্রাণে মিল করে দাও’, ‘রুশ দেশের কমরেড লেনিন’, ‘ভেদি অনশন মৃত্যু তুষার ও তুফান’, ‘তোমরা কি দেখেছো পেয়ারাবাগান’, ‘এই লড়াই বাঁচার লড়াই’, ‘হো চি মিন’, ‘চে আবার ফিরে ফিরে আসে’, ‘নভেম্বরের ডাক শোনো’, ‘লাল চীন ডাক দেয়’ ও ‘শপথের গান’।দীর্ঘদিন পর মূলধারার গণসংগীত গাওয়ার ব্যাপারে তিনি বললেন, ‘আমি গানের মধ্যে সময়টাকে ধরতে চেয়েছি। তাই বিভিন্ন সময়ে বের করেছি জলোচ্ছ্বাসে সখিনা, সখিনার বিলাপ, শোকার্ত বাংলা, গণমানুষের ভাসানীসহ কিছু অ্যালবাম। তবে শ্রোতারা আমার কাছে মূলধারার গণসংগীত বেশি শুনতে চায়। তাদের জন্যই এবার শপথের গান অ্যালবামটি করছি।’ আগামী জুন মাসে অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনার কথা জানালেন ফকির আলমগীর।