আবার গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত কর্মীদের জন্য আবার গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘গর্ব ২০১২’ নামের এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হচ্ছে আজ। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে বিজিএমইএ, আয়োজন করছে মাত্রা। মাত্রা সূত্রে জানা গেছে, আজ প্রাথমিক বাছাই হবে ঢাকার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে। এরপর ৬ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার সারা কমিউনিটি সেন্টারে, ৭ জানুয়ারি গাজীপুরের বঙ্গতাজ কমিউনিটি সেন্টারে, ৮ জানুয়ারি সাভারের পলাশবাড়ীতে ভালকান হলে এবং ১০ জানুয়ারি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। মাত্রার ব্যবস্থাপনা অংশীদার আফজাল হোসেন বলেন, ‘আমরা এবার এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছি। শ্রমিকদের কাজের বাইরেও আলাদা একটি জগৎ আছে। তাঁদের মেধা আছে, প্রতিভা আছে। আমরা তাঁদের সেই প্রতিভা সবার সামনে তুলে ধরতে চাই। এর মধ্য দিয়ে তাঁদের আত্মবিশ্বাস তৈরি হবে। আর সেই আত্মবিশ্বাস দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে তাঁরা আরও ভূমিকা রাখতে পারবেন।’‘গর্ব ২০১২’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানগুলো প্রচারিত হবে চ্যানেল আইতে। এর আগে ২০১০ সালে পোশাকশিল্পে কর্মরত কর্মীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।