আবার গানে খেয়া

ক্যানসারের চিকিৎসা নিয়ে গত ২২ জুলাই দেশে ফিরেছেন ‘ব্ল্যাক হর্স-আরটিভি গোল্ডেন কি’ প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী খেয়া। দেশে ফিরে আবার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। খেয়া জানান, গত মঙ্গলবার শফিক আহমেদ পরিচালিত স্বপ্ন ছোঁয়া চলচ্চিত্রের একটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌসিফ। গানটির শিরোনাম ‘মনেরই গহিনে’। সুর করেছেন আহমেদ হুমায়ুন। প্রায় তিন মাস পর খেয়া নতুন গানে কণ্ঠ দিলেন।
এ বছরের এপ্রিল মাসে খেয়ার প্রথম একক অ্যালবাম মন মানে না বাজারে আসে। আর তখনই খেয়ার শরীরে ক্যানসার ধরা পড়ে। মে মাসের শেষ সপ্তাহে ভারতে চিকিৎসার জন্য যান তিনি। সেখানে ২৩ মে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এখনো কিছুটা অসুস্থতা থাকলেও গান গাইতে তাঁর কোনো সমস্যা হচ্ছে না। খেয়া জানান, কেমোথেরাপি নিয়ে এসেছেন তিনি। বাকি থেরাপিগুলো দেশেই নেবেন। তবে চেকআপের জন্য ভারতে যেতে হবে।
খেয়া বলেন, ‘সবার ভালোবাসায় আমি ফিরে এসেছি। চলাফেরায় কিছুটা অসুবিধা হচ্ছে। মেরুদণ্ডের ব্যথা সারতে কয়েক মাস লাগবে।’