আবার গ্রেপ্তার হলেন লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা, গ্রেপ্তার আর সাজাভোগ যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ অঘটন ঘটনপটীয়সী লিন্ডসে লোহানের। সেই ২০০৭ সাল থেকে বারবার এসব ঝামেলায় জড়িয়ে রীতিমতো ‘হলিউডের প্রবলেম সেলিব্রেটি’ তকমা লাগিয়েছেন ২৬ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী। মাঝে কিছুদিন এসব ঝামেলা থেকে দূরে থাকলেও সম্প্রতি আবার গ্রেপ্তার হন এই ‘মিন গার্লস’ তারকা। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।গাড়িচাপা দিয়ে এক পথচারীকে আহত করার অভিযোগে ১৯ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় লিন্ডসেকে। এ ঘটনায় আপাতত ছাড়া পেলেও শিগগিরই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাঁকে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বরাতে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ম্যানহাটনে অবস্থিত ড্রিম হোটেলের একটি নৈশ ক্লাব থেকে বের হয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন লিন্ডসে। একপর্যায়ে ড্রিম ও ম্যারিটাইম হোটেলের মাঝে অবস্থিত একটি সরু গলি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে চাপা দেন লিন্ডসে। এ দুর্ঘটনার পর না থেমে দ্রুত সেখান থেকে চম্পট দেন তিনি। পরে আহত ওই পথচারী ঘটনাস্থলে উদ্ধারকর্মী ডেকে পাঠান। হাঁটুতে আঘাত পাওয়ায় তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিত্সা শেষে হাসপাতাল ত্যাগের অনুমতিও দেওয়া হয় ৩৪ বছর বয়সী ওই পথচারীকে।প্রসঙ্গত, ২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মূলত লিন্ডসের জীবনে দুর্দশা নেমে আসে। এবার অবশ্য মদ গিলে তিনি গাড়ি চালাচ্ছিলেন না বলে নিশ্চিত করেছে পুলিশ।