আবার চলচ্চিত্রে তানিয়া আহমেদ
টিভি অভিনেত্রী তানিয়া আহমেদ প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন শ্যামল ছায়াতে। এরপর আরও দুটি ছবিতে কাজ করেন তিনি। এগুলো হলো নয় নম্বর বিপদ সংকেত এবং মেড ইন বাংলাদেশ। এবার চার নম্বর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তানিয়া আহমেদ। নাম তখন বসন্ত। পরিচালনা করবেন বিপ্লব হায়দার। মফস্বল থেকে ঢাকায় চাকরির সন্ধানে আসা একজন মেয়ের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি । ছবিটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তানিয়া আহমেদ। এ বছরের শেষ দিকে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।তানিয়া আহমেদ বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে প্রায় আড়াই বছর ধরে আমি মিডিয়ার কাজ থেকে দূরে ছিলাম। বর্তমানে আবার নতুন করে নাটকের কাজ শুরু করেছি। আর চলচ্চিত্রে কাজ করার ব্যাপারটি হঠাত্ করেই। গল্পটি শোনার পর ভালো লেগেছে তাই কাজটি করতে রাজি হয়েছি।’তানিয়া আরও বলেন, ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিয়ে এখন বেশি ভাবছি। বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে। কাল ছবিটির শুটিং-পূর্ববতী একটি ফটোশুটে অংশ নেবেন বলেও জানান তিনি। তখন বসন্ত ছবিতে তানিয়া আহমেদের সহশিল্পী হিসেবে আছেন চিত্র নায়ক ফেরদৌস। ছবিতে মোট গান থাকবে ছয়টি। তার মধ্যে চারটি একক ও দুটি দ্বৈত। এরই মধ্যে পার্থ মজুমদারের নিজস্ব স্টুডিও গ্যারেজে তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, এস আই টুটুল ও মাহমুদুজ্জামান বাবু। এ ছাড়া অন্য গানগুলোতে কণ্ঠ দেবেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার ও পারভেজ।