আবার চলচ্চিত্রে মিমি
আফসানা মিমির প্রথম ছবি ছিল দিল। এরপর তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতী ও চিত্রা নদীর পারে, মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু এবং বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ। তিন বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিমি। এবারের ছবিটি মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে কাজলের দিনরাত্রি।মিমি বললেন, ‘নদীর নাম মধুমতী ছবিতে হাতে গোনা কয়েকটি মাত্র দৃশ্য ছিল আমার। ওই ছবিতে অভিনয় করেছি, কারণ এর চিত্রগ্রাহক ছিলেন আনোয়ার হোসেন। সূর্য দীঘল বাড়ী আর তাঁর নাম শুনে শুনে আমি বড় হয়েছি। এরপর তাঁর সঙ্গে চিত্রা নদীর পারে ছবিতেও কাজ করেছি। কাজলের দিনরাত্রি ছবিতে কাজ করতে দুটি কারণে রাজি হয়েছি। এ ছবির চিত্রগ্রাহকের দায়িত্বে আছেন আনোয়ার হোসেন, আর দ্বিতীয়টি আমার অত্যন্ত প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস নিয়ে এটি তৈরি হচ্ছে।’মিমি জানান, ছবিটির পরিচালক সজল খালেদের সঙ্গে গতকাল সোমবার তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। কাজলের দিনরাত্রি ছবিতে নিজের চরিত্রটি নিয়ে মিমি জানান, এটি শিশুতোষ চলচ্চিত্র। কাজল আর তার মায়ের গল্প। বনিবনা না হওয়ায় একসময় কাজলকে সঙ্গে নিয়ে মা স্বামীর সংসার থেকে বেরিয়ে আসেন। শুরু হয় মা ও ছেলের জীবন-সংগ্রাম। সঙ্গে আরও আছে কাজলের কিছু অভিযান।