আবার চলচ্চিত্রে শাহেদ

ছোট পর্দার শাহেদ অভিনীত প্রথম চলচ্চিত্র প্রিয় সাথি। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন রত্না। এরপর শাহেদ আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। তাঁর নতুন ছবির নাম ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল। ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সাইফ চন্দন।
জানা গেছে, ৭ মে জয়দেবপুরে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শাহেদ। জানালেন, ছবিতে তিনি খলনায়ক।
শাহেদ বলেন, ‘ছবির পরিচালকের অনুরোধেই কাজটি করতে রাজি হয়েছি।’
ছবির গল্প প্রসঙ্গে শাহেদ বলেন, ‘চমৎকার একটি গল্প। এই সময়ের এক তরুণের কথা। তবে গল্প ভালো হওয়ার পরও দেখা যায়, নির্মাণশৈলী ও উপস্থাপনের দুর্বলতার কারণে ছবিগুলো দর্শককে আকৃষ্ট করতে পারে না। ছবির পরিচালকের সঙ্গে এর আগে ছোট পর্দায় আমি কাজ করেছি। তাই মনে হচ্ছে, ভালো মানের এবং সবার পছন্দের একটি ছবি আমরা উপহার দিতে পারব।’
শাহেদের অন্য ছবিগুলো হলো হূদয় শুধু তোমার জন্য, জয়যাত্রা ও টক-ঝাল-মিষ্টি।