আবার চলচ্চিত্রের গানে মিলা
‘এসো সবাই মিলে হাত ধরি, মনটা উজাড় করে গান করি/ মজা করি সবাই মিলে, নেচে-গেয়ে নেচে-গেয়ে আনন্দ করি’—দূরবীন ব্যান্ডের সদস্য ফয়সালের লেখা এই গানটি ধানমন্ডি-০৮ চলচ্চিত্রের আইটেম গান। এরই মধ্যে গানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। আর এ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিলেন মিলা ও আরফিন রুমী। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন রুমী। গত ৩০ সেপ্টেম্বর রুমীর স্টুডিওতে গানটির ধারণকাজ চূড়ান্ত হয়েছে।মিলা বলেন, ‘আমি এর আগেও প্লেব্যাক করেছি। তবে রুমীর সঙ্গে এটি আমার প্রথম কাজ। ওর সুর ও সংগীতায়োজন চমৎকার হয়েছে। গানটা তরুণদের জন্য। গানটির চিত্রায়ণেও আমার থাকার সম্ভাবনা আছে।’রুমী বললেন, ‘গানটি আমার জন্য স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। কারণ, গানটিতে যেদিন কণ্ঠ দিতে যাই, সেদিন আমি বাবা হয়েছি।’ছবির পরিচালক হিমেল আশরাফ জানান, আগামী ডিসেম্বর থেকেই ছবিটির শুটিং শুরু হবে। ধানমন্ডি ৮ নম্বর সড়কের পাশাপাশি কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা ও ঢাকার আশপাশে ছবিটির কাজ হবে।