আবার চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব
চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিং প্রথম টেলিভিশন কাহিনিচিত্র প্রদর্শনী উৎসবের আয়োজন করেছিল ২০০৯ সালে। তখন এই উৎসবের স্লোগান ছিল ‘এক ঘণ্টার নাটক বাঁচাও আন্দোলন’। চারুনীড়ম তৃতীয়বারের মতো আয়োজন করেছে ছয় দিনব্যাপী এই উৎসব। ‘রবি-চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র প্রদর্শনী উৎসব’-এর এবারের স্লোগান ‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র বাঁচান, নিয়মিত হউক প্রচার ও মান’। ২ এপ্রিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে উৎসবের উদ্বোধন করবেন ফেরদৌসী মজুমদার। এবার উৎসবে ২৩ জন পরিচালকের ২৪টি কাহিনিচিত্র প্রদর্শন করা হবে। প্রতিদিন থাকবে চারটি কাহিনিচিত্রের প্রদর্শনী। চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিংয়ের পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র আমাদের ঐতিহ্য। নানা কারণে এর নিয়মিত প্রচার কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। আমরা ২০০৯ সালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন শুরু করেছিলাম। এখন সবকটি টিভি চ্যানেলে প্রায় নিয়মিত এক ঘণ্টার কাহিনিচিত্র দেখানো হচ্ছে। এসব কাহিনিচিত্রের শিল্পমান যেন বজায় থাকে, তার ওপর এবার জোর দিচ্ছি।’তিনি আরও বলেন, ‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র আমাদের চলচ্চিত্রের অনুপ্রেরণা। নিয়মিতভাবে এর চর্চা অব্যাহত রাখতে হবে।’তিনি জানান, এবার উৎসব আয়োজনে সহযোগিতা করছে রবি। ৭ এপ্রিল শেষ হবে এই উৎসব।