আবার ছবির গানে মুন্নী-আসিফ

দীর্ঘদিন পর প্লে-ব্যাকে ফিরে এলেন মুন্নী-আসিফ জুটি। গত শনিবার রাতে রাজধানীর মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে একটি ছবির গানে প্লে-ব্যাক করলেন আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নী। ছবির নাম ‘চুইংগাম’। পরিচালক রকিবুল আলম রকিব। ‘ও নীলাকাশ তাকে বলে দিয়ো প্রাণের চেয়ে প্রিয় এ জীবনে সে আমার’—এমন কথার গানটির গীতিকার ও সুরকার কবির বকুল।
গানটি নিয়ে শিল্পী মুন্নী বলেন, ‘আমার প্রথম অ্যালবামে আসিফের সঙ্গে দুটি গান গেয়েছিলাম। ‘‘দু চোখের নীল খামে স্বপ্ন দেখার নামে”, ‘‘তোমার পৃথিবী ছেড়ে হায়’’ শিরোনামের গান দুটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তী সময়ে আসিফের সঙ্গে তিনটি দ্বৈত অ্যালবাম—“ও মেয়ে শোনো”, “ফিরব না আজ বাড়ি”, “চলো যাই অজানায়”-এ কণ্ঠ দিই। এই অ্যালবামগুলোর গানও ভীষণ জনপ্রিয় হয়েছিল। দীর্ঘদিন পর আসিফের সঙ্গে গান গাইতে পেরে খুব ভালো লাগছে।’
আসিফ বলেন, ‘গানের কথা ও সুর অসম্ভব সুন্দর। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
এদিকে সম্প্রতি মুন্নী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নিহত কিশোরী ফেলানীকে নিয়ে একটি গান করেছেন। খালিদের লেখা গানটির সুর করেছেন বরেণ্য সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল।