আবার ছায়ানটের দেশঘরের গান
‘ওয়াহিদুল হক সব সময় লোকসংস্কৃতি-সংলগ্ন থাকার চেষ্টা করতেন। লোকসংস্কৃতির সঙ্গে থাকতে চাইতেন তিনি। তাঁর মৃত্যুর পর আমরা এই উত্সব শুরু করি। সেই ধারাবাহিকতায় এবারও হচ্ছে।’ বললেন সন্জীদা খাতুন। ‘ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান’ উত্সব কমিটির সভাপতি তিনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হচ্ছে ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান উত্সব। তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এ উত্সব। বিকেল পাঁচটায় দুই দিনের এই উত্সব উদ্বোধন করবেন মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতি। আজ থাকছে কুড়িগ্রামের অনন্ত কুমার দেবের বৈঠকি গান, সুনামগঞ্জের কৃষ্ণচন্দ্র চন্দের ধামাইল ও খাগড়াছড়ির ত্রিপুরা জনগোষ্ঠীর ডাইরিং সাংস্কৃতিক ফোরামের গড়িয়া-নৃত্য। কাল শনিবার থাকছে ফরিদপুরের অমল চট্টোপাধ্যায়ের কীর্তন ও নড়াইলের সাইফুল বয়াতির জারিগান। সন্জীদা খাতুন জানান, তাঁদের পাশাপাশি দুই দিনই থাকবে ছায়ানটের নিজস্ব শিল্পী, শিক্ষক ও ছাত্রছাত্রীদের পরিবেশনায় একক ও সম্মেলক গান। দুই দিনই অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।