আবার জমজমাট রাজধানীর নাট্যাঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের লম্বা ছুটি শেষে আবার জমজমাট হয়ে উঠেছে নাটকপাড়া। রমজান মাসে রাজধানীর নাট্যমঞ্চগুলোতে নাটক মঞ্চায়িত হয়েছে কম। ঈদের ছুটিতে একেবারেই বন্ধ ছিল নাটকের মঞ্চায়ন। টানা প্রায় এক মাস স্থবিরতার পর আবার দর্শক-কলহাস্যে মুখর হয়ে উঠেছে শিল্পকলার নাট্যশালা প্রাঙ্গণ ও নাটক সরনি। নাট্যামোদীরা টিকিট কেটে মিলনায়তনগুলোতে ঢুকছেন নাট্যাভিনয় উপভোগ করতে। বিকেল থেকে বেশ খানিকটা রাত অবধি তাঁরা দল বেঁধে আড্ডাও দিচ্ছেন। শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগ থেকে জানা গেছে, রমজান মাসে মঞ্চের চাহিদা ছিল কম। এর সঙ্গে ছিল ঈদের ছুটি। এই সুযোগে মিলনায়তনগুলোর মেরামতের কাজ করা হয়েছে। গত ২২ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন বন্ধ রেখে সেগুলোর কারিগরি সংস্কারের কাজ করা হয়। ঈদের পর ১৫ সেপ্টেম্বর বুধবার থেকে নিয়মিতভাবে প্রদর্শনী শুরু হয়েছে। আবারও দর্শকদের আগমনে মুখর হয়ে উঠেছে নাট্যাঙ্গন। গত শুক্রবার নাট্যশালায় সবচেয়ে বেশি দর্শকের সমাগম হয়েছিল। সেদিন নাগরিক নাট্য সম্প্রদায়ের ৪২তম প্রযোজনা অপেক্ষমাণ নাটকটি মঞ্চায়িত হয় শিল্পকলার প্রধান মিলনায়তনে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। একই দিন পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে লোক নাট্যদল (বনানী) পরিবেশন করে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে ইউজিন গোমেজ নির্দেশিত পদাবলি যাত্রা সোনাই মাধব। মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় নবশব্দ থিয়েটারের নাটক ভ্যালেন্টাইন। শনিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় আরণ্যক প্রযোজিত নাটক রাঢ়াঙ। নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে চারুনীড়ম মঞ্চায়ন করে চেখভ ও চেখভকে নিয়ে নাটক আরশোলা, নানা রঙ্গের দিন ও শরতের মেঘ। নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। ‘স্বদেশী’ ও ‘পুনর্জন্ম’ গতকাল রোববারও একই রকম সরব ছিল নাট্যাঙ্গন। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের নতুন নাটকপুনর্জন্ম। নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। হেনরিক ইবসেনের নাটক থেকে এটি রূপান্তর করেছেন শহিদুল মামুন। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ, শরিফুল ইসলাম, কাজী তৌফিকুল ইসলাম প্রমুখ। নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল প্রাঙ্গণেমোরের নাটক স্বদেশী। রবীন্দ্রনাথ ঠাকুরের চার অধ্যায় অবলম্বনে এর মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। স্বদেশী নাটকটির অন্যতম চরিত্র এলা। সে স্বদেশি আন্দোলনের সঙ্গে জড়িত। তার মাস্টারমশাই ইন্দ্রনাথের কাছে পণ করে, সে কোনো দিন বিয়ে করবে না। কেননা, তার মনে হয় যে সে শুধু সমাজের নয়, দেশের। কিন্তু অতীন নামের একটি ছেলেকে এলার ভালো লেগে যায়। এলা মনে মনে ভাবে, দেশের জন্য অতীনকে টেনে আনতে হবে। অতীন আসে। একপর্যায়ে এলা ভালোবেসে ফেলে অতীনকে। একসময় দেখা যায়, অতীনের প্রতি এলার ভালোবাসা সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। বিষয়টি দলনেতা বুঝতে পেরে অতীনকে এলার কাছ থেকে সরিয়ে দূরে কোথাও দায়িত্ব দিয়ে পাঠায়। অতীন জড়িয়ে যায় দেশের ভালোবাসায়। একসময় দেখা যায়, দলের নির্দেশে এলাকে খুন করতে যায় অতীন। এভাবেই এগোতে থাকে নাটকের কাহিনি। আলোকচিত্রে চরের মানুষফটোগ্রাফি ফর পিপলের উদ্যোগে শিল্পাঙ্গন গ্যালারিতে গত শুক্রবার শুরু হয়েছে ‘চরের মানুষ’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে আলোকচিত্রী সেখ ইসমাইল হোসেনের তোলা ৫২টি আলোকচিত্র স্থান পেয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের চরকুকরীমুকরী, চরপাতিলা, ঢালার চর এবং সুন্দরবনের দুবলার চরের প্রকৃতি ও মানুষের যাপিত জীবনের চিত্র ফুটে উঠেছে ছবিগুলোতে। আগামীকাল মঙ্গলবার প্রদর্শনীর শেষ দিন।