আবার জুটি ফেরদৌস ও সাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস  ও সোহানা সাবা
ফেরদৌস ও সোহানা সাবা

ফেরদৌস আর সোহানা সাবা আবার একসঙ্গে অভিনয় করবেন। তাঁদের এবারের ছবি বৃহন্নলা। পরিচালক মুরাদ পারভেজ। গত বছর সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে ছবিটি। সোহানা সাবার প্রথম ছবি ছিল আয়না (২০০৬)। এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করেছিলেন ফেরদৌস।
গতকাল রোববার ফেরদৌস বলেন, ‘ছবির গল্পটাই অন্য রকম। চিত্রনাট্যও চমৎকার হয়েছে। ঠিকমতো করতে পারলে বৃহন্নলা খুব ভালো একটি কাজ হবে।’
সাবা বলেন, ‘আয়নার শুটিং করেছিলাম ২০০৪ সালে; যদিও ছবিটি মুক্তি পায় দুই বছর পর। অনেক দিন পর আবার ফেরদৌস আর আমি জুটি হয়ে কাজ করব, ভালোই লাগছে।’
ছবির গল্প প্রসঙ্গে মুরাদ পারভেজ বলেন, ‘আমার ছবি হলো তিল থেকে তাল আর সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করার গল্প নিয়ে।’
পরিচালক জানান, আগামী ৮ সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হবে সাবার দাদাবাড়িতে, রাজবাড়ীর মোহনপুর গ্রামে। ফেরদৌস ও সাবা শুটিংয়ে অংশ নেবেন ৯ সেপ্টেম্বর থেকে।