আবার জেনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনেট জ্যাকসন
জেনেট জ্যাকসন

হাজারো ভক্তের শোরগোল কি তাঁর মনে পড়ত না? স্পট লাইটের গোল আলোয় দাঁড়াতে ইচ্ছা করত না আরও একবার? সাত বছরে তাঁর নতুন কোনো গান আসেনি। দীর্ঘ দুই বছর তাঁকে দেখা যায়নি কোনো মঞ্চে। সেই জেনেট জ্যাকসন গত ২৮ জুন বেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লালগালিচায় দাঁড়িয়ে ভক্তদের বললেন, ‘খুব মিস করেছি আপনাদের। সত্যিই আপনাদের ভীষণ ভালোবাসি।’
হ্যাঁ, ফিরছেন জেনেট। শিগগিরই আসছে তাঁর নতুন অ্যালবাম—আনব্রেকেবল। তবে তার আগে জ্যাকসন পরিবারের কনিষ্ঠ সদস্য ভক্তদের জানান দিতে চান, ৪৯ বছর বয়সেও তিনি ফুরিয়ে যাননি। ‘আনব্রেকেবল ওয়ার্ল্ড টু্যর’ শিরোনামে ৩২টি শহরের ৩৬টি মঞ্চে গান গাইবেন তিনি, আর এই ভ্রমণ শুরু হবে আগামী ৩১ আগস্ট। তাঁর প্রত্যাবর্তনকে সম্মান জানাতেই বেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল জেনেট জ্যাকসনকে। আয়োজকেরা শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছেন ‘রিদম ন্যাশন’ গায়িকার হাতে। ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার হয়তো প্রিয় শিল্পীর কণ্ঠে দুই লাইন গান শোনার সুযোগ হবে। তবে এই দিন মঞ্চে গান করেননি জেনেট। পরিবারের সদস্য আর ভক্তদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছেন।
গত শতকের আশির দশকের পপ আইকন তিনি। তাঁকে বলা হয় সংগীতের জগতের অন্যতম সেরা প্রতিভাবান, মঞ্চ মাতানো গায়িকা। অসংখ্য পুরস্কার আছে ঝুলিতে। বিরতির পর জেনেট জ্যাকসনের ফেরাটা যে ধুমধাম করে হবে, সেটা অনুমেয়ই ছিল। ২২ জুন মুক্তি পেয়েছে তাঁর নতুন অ্যালবামের একটি গান। ‘নো স্লিপ’ শিরোনামের গানটি এরই মধ্যে বিলবোর্ড টপচার্টে উঠে এসেছে। এর আগে ২০১০ সালে সর্বশেষ টপচার্টে ছিল জেনেটের নাম। ‘নো স্লিপ’ দিয়ে ফিরেই প্রমাণ করেছেন, তিনি ঘুমিয়ে জাননি! ‘নো স্লিপ’ ছাড়াও ‘কনভারসেশন ইন আ ক্যাফে’ নামের একটি গানের কিছু অংশ টুইটারে আপলোড করা হয়েছে। মাত্র ৪৩ সেকেন্ডের এই সাউন্ড ক্লিপটিও সারা বিশ্বে লক্ষাধিকবার শোনা হয়ে গেছে।
ডেইলি মেইল অবলম্বনে