আবার টিভি নাটকে শিরোনামহীনের তুহিন
আবার টেলিভিশন অভিনয় করলেন ব্যান্ড দল শিরোনামহীনের কণ্ঠশিল্পী তুহিন। এটি তুহিনের তৃতীয় টিভি নাটক। তুহিন রহমানের রচনা ও পরিচালনায় এ টেলিছবিটির নাম ‘স্পুক’। এর আগে তিনি মুহম্মদ জাফর ইকবালের রচনা এবং মেজবাউর রহমানের পরিচালনায় টেলিছবি ‘মধ্যরাতের তিনজন যুবক’-এ অভিনয় করেছিলেন। সে সময় এটি ঈদে প্রচারিত হয়। এরপর তিনি ধারাবাহিক নাটক ‘মিথ্যে তুমি দশ পিপড়া’তে অভিনয় করেছিলেন। নাটকটির বেশ কয়েকটি পর্বের শুটিং হওয়ার পর বন্ধ হয়ে যায়। তুহিন অভিনীত নতুন টেলিছবি স্পুক-এর শুটিং এরই মধ্যে শেষ হয়ে গেছে। খুব শিগগিরই কোনো একটি টিভি চ্যানেলে দর্শক তাঁর অভিনয় দেখতে পাবে।স্পুক মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা। একই পরিবারের দুই ভাইকে নিয়ে টেলিছবির গল্পটি এগিয়েছে। নাটকে দেখা যাবে, এক মামলায় আদালত এক ভাইয়ের ফাঁসির আদেশ দেন। তাঁকে মুক্ত করার জন্য অন্য ভাই নানা কিছু ঘটায়।অভিনয় প্রসঙ্গে তুহিন বলেন, ‘আমি আসলে পেশাদার অভিনেতা নই। গানের মানুষ গানেই থাকতে চাই। তবে ভিন্ন ধরনের চরিত্র, যেখানে অভিনয় করার সুযোগ থাকে, সে রকম চরিত্র পেলে অভিনয় করে থাকি। এ টেলিছবিটির পরিচালকের সঙ্গে সম্পর্কের কারণেই কাজ করেছি। একেবারেই অন্য রকম অভিজ্ঞতা হলো। তবে আমি গান ভালোবাসি, গাইতে ভালোবাসি। শ্রোতারা আমাকে সব সময় গানের মাঝেই পাবেন।’স্পুক টেলিছবিতে আরও অভিনয় করেছেন মিলন, আজাদ আবুল কালাম প্রমুখ।