আবার ঢাকায় রাহাত ফতেহ আলী খান
‘ওরে পিয়া’ (আজা নাচলে), ‘তেরে মাস্ত মাস্ত দু নেয়ন’ (দাবাং), ‘বাহারা’ (আই হেট লাভ স্টোরি), ‘সেজদা’, (মাই নেম ইজ খান), ‘তুম জো আয়ে’সহ (ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই) বলিউডের অনেক জনপ্রিয় গানের শিল্পী রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানি এই সূফী গানের শিল্পী আবারও বাংলাদেশে আসছেন। আগামী ২১ সেপ্টেম্বর দুপুরে ঢাকায় পৌঁছবেন তিনি। এরপর সন্ধ্যায় একটি প্রেস ব্রিফিংয়েও অংশও নেবেন তিনি। ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গাইবেন তিনি। ‘রাহাত ফতেহ আলী খান নাইট’ নামের এ অনুষ্ঠানের আয়োজন করেছে মিরর মিডিয়া অ্যান্ড প্রডাকশন লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের ভক্ত অগণিত। তাদের কথা বিবেচনা করেই এ অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান থেকে অর্জিত আয়ের ১০ শতাংশ প্রদান করা হবে ক্যান্সার হাসপাতালে।’ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে ২১ জনের একদল যন্ত্রী আসবেন ভারত থেকে।