আবার তাঁরা একই নাটকে
আলী যাকের, আসাদুজ্জামান নূর ও হুমায়ুন ফরীদি একসঙ্গে কাজ করেছিলেন ধারাবাহিক নাটক বহুব্রীহিতে। এরপর যেকোনো দুজন মিলে কাজ করা হয়েছে কয়েকবার, তবে তিনজনের একসঙ্গে আর কাজ করা হয়নি। এবার তাঁরা অভিনয় করছেন একটি কাহিনিচিত্রে। নাম কবি ও যন্তরমন্তর। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।দোদুল বললেন, ‘আমরা যেভাবে কাজটির ধারণকাজ করার পরিকল্পনা করেছি, তা অনেকটা চলচ্চিত্রের মতোই। তাই একে কাহিনিচিত্র বলতে চাই।’ তিনি আরও জানান, এ কাহিনিচিত্রে সাতটি চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের।একজন কবিকে (ইরেশ যাকের) নিয়ে গল্পটি। তাঁর ১৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গাড়ি আছে। নন্দনতত্ত্ব ও অর্থতত্ত্ব দুটিই বোঝেন। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। বিয়ের পর আর তিনি কবিতা লিখতে পারেন না। তাঁর ধারণা, স্ত্রীর কারণেই তাঁর কবিতা লেখা থেমে গেছে। স্ত্রীকে শায়েস্তা করার জন্য গল্প লেখেন। এ গল্পের তিনটি চরিত্র—আলী যাকের, আসাদুজ্জামান নূর ও হুমায়ুন ফরীদি।দোদুল জানান, গল্পে আলী যাকের খলনায়ক, আসাদুজ্জামান নূর বিজ্ঞানী এবং হুমায়ুন ফরীদি ফুটবল খেলোয়াড়। কবির স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিশা।আলী যাকের বললেন, ‘ভালো অভিনেতাদের সঙ্গে অভিনয় করার আনন্দটাই আলাদা। আর বহুব্রীহি নাটকের পর একই সেটে আমাদের তিনজনের কখনো দেখা হয়নি।’জানা গেছে, কাহিনিচিত্রের শুটিং শুরু হবে ১২ আগস্ট। আর এটি দেখানো হবে আগামী ঈদে এনটিভিতে।