আবার তাঁরা একসঙ্গে

২০১৭ সালে ‘ব্যাচ ২৭’ নামে একটি টেলিছবি নির্মাণ করেছিলেন তরুণ নির্মাতা মিজানুর আরিয়ান। টেলিছবিটি সে বছরের ঈদুল ফিতরে প্রচারিত হয়েছিল। পরের বছর একই শিল্পীদের নিয়ে নির্মাণ করেছিলেন দ্বিতীয় কিস্তি ‘ব্যাচ ২৭ লাস্ট পেইজ’। দুটিতেই অভিনয় করেছিলেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও জিয়াউল ফারুক অপূর্ব। তারপর এই পরিচালক ও দুই অভিনয়শিল্পী মিলে আর কোনো কাজ করেননি। প্রায় দুই বছর পর আবারও এক হচ্ছেন তিনজন। একটি স্বল্পদৈর্ঘ্যের জন্য মিথিলা–অপূর্বকে নিয়ে আবারও কাজ করতে যাচ্ছেন আরিয়ান। ‘যোগ্যতা’ নামের এই স্বল্পদৈর্ঘ্যটির শুটিং হয় গতকাল শুক্রবার।
স্বল্পদৈর্ঘ্য ছবিটি নিয়ে আরিয়ান প্রথম আলোকে বলেন, ‘আগের দুটি ছিল খুব বড় প্রজেক্ট। এর বাজেটও ছিল বড়। এবারের কাজ আগের দুটির চেয়ে আলাদা। এবারের স্বল্পদৈর্ঘ্যের গল্পটা বেশ সুন্দর। চরিত্রের সঙ্গে দুজনকে বেশ মানিয়ে যাবে বলেই কাজটি করছি।’
মিথিলাও অনেক দিন পর তাঁর ব্যাচ ২৭ দলের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। বললেন, ‘গত বছর অপূর্বর সঙ্গে ভালোবাসা দিবসের একটা নাটকে অভিনয় করেছিলাম। তবে ওটা ব্যাচ ২৭–এর মতো এতটা বড় কাজ ছিল না।’ মিথিলা বলেন, বিশেষ দিবসগুলো সামনে রেখে তাঁর অভিনয় করা হয়। বাকি সময়টা ব্যস্ত থাকেন নিজের পেশাগত জীবন নিয়ে। আগামী সপ্তাহে আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করার কথা আছে তাঁর।