আবার দুই বোন তারিন-নাহিন
অভিনয়শিল্পী তারিনের বোন নাহিনের পরিচয় দেশের অন্যতম রূপসজ্জাশিল্পী হিসেবে। কালেভদ্রে নাহিন ও তারিন একসঙ্গে কাজ করেন। বছর দুয়েক পর আবার তাঁরা একত্র হলেন মিডিয়ার কাজে। এনটিভির ভালোবাসা দিবসের একটি গানের অনুষ্ঠানের জন্য তাঁরা দুজন একসঙ্গে কাজ করছেন। অনুষ্ঠানটির নাম ‘গানে আলাপনে’। তবে এ অনুষ্ঠানে তাঁদের একজন আছেন উপস্থাপক হিসেবে আর অন্যজন রূপসজ্জাশিল্পী হিসেবে। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফিরে আবার শুটিং শুরু করলাম। আমি খুবই আনন্দিত এই জন্য যে নাহিন আপু আবার মিডিয়ায় কাজ করতে আগ্রহী হয়েছেন। নিজেকে এ জন্য সৌভাগ্যবান মনে করছি।’‘গানে আলাপনে’ অনুষ্ঠানটি ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিভিন্ন সময়ে প্রচারিত নাটকের গান নিয়ে অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। তারিন ও নাহিন সর্বশেষ রুম্মান রশীদ খানের লেখা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় ‘ফিরছি বিরতির পর...’ নামের একটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন।