আবার নাটকে কংকন

একসময় টিভিতে নিয়মিত কাজ করতেন কংকন। ২০০১ সাল থেকে আছেন কানাডায়। সেখানে তিনি আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তবে দেশের সঙ্গে তাঁর যোগাযোগটা রয়ে গেছে। মাঝে মাঝেই তিনি দেশে আসেন। সময় আর সুযোগ পেলে অন্তত একটা নাটকে অভিনয় করেন। ২০১০ সালে তিনি অভিনয় করেন গোলাম রাব্বানী বিপ্লবের বৃত্তের বাইরে ছবিতে। এর পরের বছর অভিনয় করেন ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক এই বাড়ি সেই বাড়িতে। পরিচালনা করেন খালিদ মাহমুদ মিঠু। মাস দুয়েক আগে আবার দেশে এসেছেন কংকন। এখন তিনি অভিনয় করছেন চয়নিকা চৌধুরীর নাটকে। নাম সময় কি গিয়েছে চলে?।
গতকাল শনিবার দুপরে কথা হলো কংকনের সঙ্গে। তিনি বলেন, ‘টিভির পর্দাকে খুব মিস করি। তাই যখনই দেশে আসি, একটা নাটকে কাজ করার চেষ্টা করি। এবার সময় কি গিয়েছে চলে? নাটকে কাজ করেছি। গল্পটা চমৎকার।’
সময় কি গিয়েছে চলে? নাটকে আরও অভিনয় করেছেন মিলন, শর্মিলী আহমেদ প্রমুখ। প্রচারিত হবে এনটিভিতে।