আবার নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজঘর ছবিতে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেই আলোচনায় উঠে এসেছিলেন নিপুণ। দ্বিতীয়বারের মতো চাঁদের মতো বউ ছবিতে অভিনয় করে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। নিপুণ খুবই খুশি। বললেন, ‘আমার এই পুরস্কারপ্রাপ্তিটা যেমন নিজের জন্য অনেক বেশি আনন্দের, তেমনি বাণিজ্যিক ছবির নির্মাতাদের জন্যও উৎসাহব্যঞ্জক। আগে ধারণা ছিল, বাণিজ্যিক ছবিগুলো পুরস্কারের জন্য বিবেচনায় আসে না। কিন্তু আমার এই পুরস্কারই সেই ধারণা ভুল বলে প্রমাণ করেছে।’ বলছিলেন নিপুণ।চাঁদের মতো বউ ছবিতে নিপুণের সঙ্গে আরও অভিনয় করেছিলেন শাবনূর, রিয়াজ। নিপুণ হাসলেন, ‘আসলে আমার চরিত্রটি ছিল একধরনের ত্যাগ স্বীকার করার মতো। পরিচালক মো. হোসেন যখন ছবিতে আমার চরিত্রটি আমাকে বলছিলেন, তখন আমি বলেছিলাম, এই চরিত্রটিতেই অভিনয় করতে চাই। অনেক বেশি যত্ন নিয়েছিলেন নির্মাতা। আর আমি চেষ্টা করেছিলাম। কিন্তু এ জন্য যে এত বড় একটি সম্মান জুটে যাবে, সেটা ভাবনাতেও ছিল না। তবে এটা ঠিক, ছবি ভালো হলে সেটি বিচারকদের কাছে বিবেচনায় আসে।’ বললেন তিনি। খুব বেশি দিন ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন না। তবে অল্প সময়ের মধ্যেই নিপুণ যেমন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন, তেমনি নিজেকে জনপ্রিয় নায়িকা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। আমেরিকার গ্রিনকার্ডধারী এই নায়িকা রাশিয়া থেকে কম্পিউটার বিজ্ঞানের ওপর পড়াশোনা শেষ করে আমেরিকায়ই স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। নাচের প্রতি ঝোঁক ছিল তাঁর। একসময় বিনোদন ভুবনে নিজেকে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। দেশে এসে একে একে পরিচয় হয় বড় বড় নির্মাতার সঙ্গে। তারপর একে একে মান্না, আমিন খান, ফেরদৌস, রিয়াজ ও শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান। ৩০টির বেশি ছবি মুক্তিও পেয়েছে তাঁর। সম্প্রতি নিপুণ কাজ করলেন অন্তর্ধান ছবিতে। বললেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে পদ্মার পারে কাজ করতে গিয়ে মনে হচ্ছিল, রোদে পুড়ে যাচ্ছি। ভালো কাজের জন্যই কষ্ট করা।’নিপুণের ব্যস্ততাও এখন অনেক বেশি। শাকিব খানের নায়িকা হয়ে একাধিক ছবিতে কাজ করছেন। বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। গতকালই নিপুণ মালয়েশিয়ায় গেছেন একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের কাজ করতে। দেশে এসে আগামী মাসে আবার চলে যাবেন ব্যাংককে সিনেমার শুটিংয়ে।নিপুণের লক্ষ্য কী? নিপুণ সরাসরি বললেন, ‘দু-দুবার পার্শ্বচরিত্রে জাতীয় পুরস্কার পেয়েছি। এবার মনে সাহস হয়েছে। খুব ইচ্ছা সেরা অভিনেত্রীর পুরস্কারটাও জয় করা। আমি জানি, কাজটা অনেক কঠিন। কিন্তু মানুষ চাইলে সবই সম্ভব।’