আবার ফারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো বিলবোর্ডে দেখা যায় তাঁর ছবি। মেয়েটিকে অনেকেই ভাবেন সত্যি যেন বাংলালিংকের কর্মকর্তা। এতটাই প্রাণবন্ত ছিল তাঁর মডেলিং। আজও বাংলালিংকের কাস্টমার কেয়ারের মডেল ফারিয়াকে সবাই মনে রেখেছেন। এটিই তাঁর জীবনের সবচেয়ে বড় পাওয়া। ফারিয়া বলেন, ‘সব সময় এমন কাজই করতে চাই। যেন আমি না থাকলেও সবাই মনে রাখে। মাঝে একটা বিরতি নিয়েছিলাম অভিনয়-মডেলিং থেকে। আবার নতুন উদ্যমে ফিরেছি। শুরু হয়েছে ব্যস্ত দিন।’‘জুলাই মাসে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ শুরু হবে। শেষ করলাম নূরজাহান গ্রুপের একটি বিজ্ঞাপনের কাজ। আরও দুটি কোমল পানীয়র বিজ্ঞাপনের কাজ করব শিগগিরই। শুধু বিজ্ঞাপন নয়, ব্যস্ততা রয়েছে নাটক নিয়েও। নিশোর বিপরীতে জিয়া উদ্দীন আলমের মেঘলা-রোদ্দুর টেলিছবির কাজ করেছি। সামনে অপূর্বর সঙ্গে মাহফুজ রহমানের পরিচালনায় অভিনয় করব। এ ছাড়া মাসুদ হাসান উজ্জ্বল, শরাফ আহমেদ, কমল চাকমা ও অনিমেষ আইচ পরিচালিত নাটকে অভিনয় করব এই মাসেই।’ বলেন ফারিয়া। অভিনয় করলেও ফারিয়া কিন্তু বিজ্ঞাপনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর মতে, বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত মানুষের কাছাকাছি যাওয়া যায়। সাড়াও পাওয়া যায় তৎক্ষণাৎ। ‘এখন তো অনেক টিভি চ্যানেল। বেশির ভাগ দর্শক একটি চ্যানেলে সীমাবদ্ধ থাকে না। নাটক বা টেলিছবি পুরোপুরি না দেখলেও অনিচ্ছাসত্ত্বেও বিজ্ঞাপন দেখতে হয়। ফলে কাজ আমি ভালো বা খারাপ যেমনই করি না কেন, সাড়া পাওয়া যায় দ্রুত। আর ব্যক্তিগতভাবে বিজ্ঞাপনের কাজ করতে ভালো লাগে আমার। তবে এটিও ঠিক যে অভিনয় মানুষকে অমর করে রাখে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে বলব, ভালো অভিনয়শিল্পী হতে চাই।’আইনের শিক্ষার্থী ফারিয়া বলেন, ‘লেখাপড়ার জন্যই মাঝের বিরতিটা নিয়েছি। মনে হয়েছিল একটু গুছিয়ে কাজে ফিরব। আমার স্বপ্ন ব্যারিস্টার হওয়া। অভিনয় তো করবই। লাক্স-চ্যানেল আই সুপারস্টার দিয়ে অভিনয় জগতে এসেছি। বরাবরই আমি বেছে বেছে কাজ করেছি। সংখ্যাগত দিক থেকে কম। তাই অভিনয়ের চর্চাও কম হয়েছে। সে জন্য এখন ভালো পরিচালকের ভালো কাজ করব। কাজ বেশি করলে চর্চা বেশি হবে। নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারব।’ফারিয়া ইতিমধ্যে বড় পর্দাতেও অভিনয় করেছেন। ‘হুট করেই চলচ্চিত্রে কাজটা করা হয়েছিল। সামিয়া জামানের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের আকাশ কত দূরে ছায়াছবিতে কাজ করেছি। আমার সহশিল্পী ছিলেন মোস্তফা প্রকাশ। সব ঠিক থাকলে এ বছর ঈদুল আজহায় চলচ্চিত্রটি মুক্তি পাবে। তবে বাণিজ্যিক ছবিতে কাজ করার ইচ্ছা নেই। মনপুরার মতো ছবি হলে অবশ্য ভিন্ন কথা।’ অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন ফারিয়া। ‘আমার আব্বু-আম্মু উপস্থাপনার কাজ পছন্দ করেন। আমি পারি না উপস্থাপনা করতে। কিন্তু তাঁদের খুশি রাখার জন্য কাজটি করতে হচ্ছে। এই ঈদেও আমার উপস্থাপনায় ফ্যাশন-রূপচর্চাভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হবে। যা-ই করি না কেন, ভালোভাবে করতে চাই।’