আশির দশকে মঞ্চে মুক্তিযুদ্ধের তুমুল জনপ্রিয় নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। থিয়েটারের এ নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক আর নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। ১৯৭৬ সালে নাটকটি প্রথম মঞ্চে আসে। শুরু থেকেই নাটকটিতে শত বছরের একজন বৃদ্ধের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন কেরামত মওলা। মঞ্চে তাঁর অবস্থান, সংলাপ, কণ্ঠস্বর—সবই ছিল যেন বৃদ্ধ চরিত্রকে ছাপিয়ে যাওয়া। সেই সময় তো নাটকটির প্রথম প্রদর্শনী দেখে অভিনয়ে মুগ্ধ হয়ে সৈয়দ শামসুল হককে তাঁর স্ত্রী আনোয়ারা সৈয়দ হক জিজ্ঞেস করেছিলেন, ‘১০০ বছরের এই বৃদ্ধকে কোথা থেকে আবিষ্কার করলে!’ প্রদর্শনী শেষে গোলাম মুস্তাফা কেরামত মওলাকে ডেকে বলেছিলেন, ‘তুমি তো অবিকল বৃদ্ধের মতো করে সংলাপ দাও, আবার দেড় ঘণ্টা ধরে কোমর বাঁকা করে কীভাবে মঞ্চে দাঁড়িয়ে থাকো? আমার তো মাথায়ই আসে না!’ এমন আরও কত শত মন্তব্য দর্শক-নাট্যকর্মীরা তাঁকে নিয়ে করেছেন, তার হিসাব নেই। নাটকটি নিয়ে তাঁর অনুভূতি কেমন? এমন প্রশ্ন করি। ‘চরিত্রটি আমার কাছে অসাধারণ। একটা চ্যালেঞ্জ নিয়ে চরিত্রটি করেছি। শত বছরের বৃদ্ধ। বৃদ্ধ চরিত্রটি ফুটিয়ে তুলতেও অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের একটা ভালো টিমওয়ার্ক ছিল। আর কাজটি করেছি চরিত্রের মধ্যে থেকেই। চরিত্রটি আমার মঞ্চনাটকের জীবনে উল্লেখযোগ্য ইতিহাস।’ বললেন কেরামত মওলা।নাটকটি নিয়ে তাঁর স্মৃতিও অনেক। এত সময়ের ব্যবধানে কী কী স্মৃতি তাঁর মনে আছে, তা জানতে চাই। কেরামত মওলা বলেন, ‘অনেক স্মৃতি। সব তো মনে নেই। তবে একটা স্মৃতি আজও মনে আছে। তখন নাটকটি ঢাকার মঞ্চে সাড়া ফেলেছে। কোরিয়া থেকে থার্ড ওয়ার্ল্ড ড্রামা ভেস্টিভ্যালে নাটকটির আমন্ত্রণ এসেছে। আমরা নাটক নিয়ে কোরিয়া যাব। ওহ! কী যে উত্তেজনা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ল, ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। যাওয়ার আগে প্রতিদিনই মহড়ায় নাটকটি নিয়ে বিশ্লেষণ হচ্ছে। জাকারিয়া, আবদুল্লাহ আল মামুন, সুজা খন্দকার, ফেরদৌসী মজুমদার, আমি—একেকভাবে আমরা নাটকটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। দিনগুলোর কথা খুব মনে পড়ে।’ কোরিয়া সফর ছিল ১৯৮১ সালে। কোরিয়া থেকে ফিরেই নাটকে আর অভিনয় করতে দেখা যায়নি কেরামত মওলাকে। ১৯৮২ সালে থিয়েটার ভাগাভাগি হয়ে যায়। থিয়েটার আরামবাগ আর থিয়েটার বেইলি রোড নাম নিয়ে এক থিয়েটার দুই ভাগে পথচলা শুরু করে। কিন্তু নাটকটি তো তখনো মঞ্চে ছিল। আপনি যে আর অভিনয় করলেন না? ‘আমি তো তখন থিয়েটার আরামবাগের হয়ে কাজ শুরু করলাম। এরপর মঞ্চে নাটকটি ছিল, কিন্তু আমাকে থিয়েটার বেইলি রোড আর চরিত্রটি করার জন্য বলেনি। বললে হয়তো কাজ করতাম।’ বলছিলেন তিনি। পরবর্তী সময় আপনার চরিত্রটি যিনি করেছেন, তাঁর অভিনয় আপনি দেখেছেন কি? ‘না, আমি আর ওই নাটকটি মঞ্চে দেখতে যাইনি। তবে শুনেছি তারিক আনাম করতেন চরিত্রটি।’ প্রথম থেকে আপনি নাটকটির কতগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন? জানতে চাইলে তিনি বললেন, ‘আমি ৭০ রজনী পর্যন্ত নাটকটিতে অভিনয় করেছি।’ ১৯৮২ সাল থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত নাটকটি মঞ্চে ছিল। এরপর বন্ধ। প্রায় ১৫ বছর নাটকটি আর মঞ্চস্থ হয়নি।২০১১ সালের ডিসেম্বরে সুদীপ চক্রবর্তীর নাট্যায়নে নতুন করে নাটকটি মঞ্চে উঠেছে। সেই বৃদ্ধ চরিত্রটি নিয়ে ফিরেছেনও কেরামত মওলা। আবার কেন ফিরলেন? প্রশ্নটি নিয়ে তাঁর কাছে যাই। কেরামত মওলার উত্তর, ‘থিয়েটারের রামেন্দু মজুমদার আমাকে বললেন চরিত্রটি করার জন্য। আমাকে অতিথিশিল্পী হিসেবেই অভিনয় করার জন্য অনুরোধ করলেন। আমি না করতে পারিনি। আর না করার তো কিছু নেই। থিয়েটার করি। আদর্শ নিয়ে কাজ করি। যে দলই হোক, নিজের দলের কাজ ঠিক রেখে ভালো কাজের প্রস্তাব এলে করতে চাই। শিল্পীর কোনো বিভেদ নেই।’ তিনি আরও বললেন, ‘আমি ১৯৭২ সালে আরণ্যকের হয়ে পশ্চিমের সিঁড়িতে অভিনয় করেছি। এখন মামুনুর রশীদ ওই নাটকটি করার জন্য ডাকলে অবশ্যই যাব। আমি মনে করি, এটি থিয়েটারের জন্য একটা ভালো লক্ষণ, শিল্পীর জন্যও ভালো লক্ষণ।’