আবার বছরখানেক পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন নায়িকা আঁচল। গত বছরের ফেব্রুয়ারি মাসে দাগ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর তাঁকে আর কোনো ছবিতে দেখা যায়নি। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।
নতুন ছবির নাম এক কোটি টাকা, পরিচালক ছটকু আহমেদ। কেন দূরে ছিলেন এত দিন? জানতে চাইলে আঁচল বলেন, ‘ভালো কাজের অপেক্ষায় ছিলাম। নতুন এই ছবির প্রযোজক ডিপজল। বলা যায়, বড় ঘরের ছবি, নামকরা পরিচালক। সব মিলিয়ে কাজটি ভালো হবে।’ এক কোটি টাকা ছবিতে আঁচল ডিপজলের নায়িকা। কেন? ‘ঢালিউডের অনেক বড় বড় নায়িকা ডিপজলের সঙ্গে কাজ করেছেন। আমারও সুযোগ এসেছে, এটা সৌভাগ্যের ব্যাপার’—বললেন আঁচল।
ছবিটিতে আরও অভিনয় করছেন বাপ্পী, শিরিন শিলা প্রমুখ। পরিচালক জানালেন, ছবিটির শুটিং চলছে ঢাকার সাভারে।