আবার বিচ্ছেদ বিবার-সেলেনার!

আবার বিচ্ছেদের পথে হাঁটলেন কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার ও মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি সেলেনার কাছের এক বন্ধুর বরাতে বিবার-সেলেনার বিচ্ছেদের খবর জানিয়েছে রাডার অনলাইন।
বহুল আলোচিত এ তারকা যুগল দুই বছর ধরে প্রেম করছেন। এখন পর্যন্ত বেশ কয়েকবার সম্পর্কের ভাঙা-গড়ার খেলায় মেতে খবরের শিরোনাম হয়েছেন এ জুটি। সর্বশেষ তাঁদের প্রেম ভেঙেছিল চলতি বছরের জানুয়ারিতে। তবে তিন মাসের মাথায় এপ্রিলে তাঁদের পুনর্মিলন ঘটে। কিন্তু মাত্র দুই মাসের মাথায় সম্প্রতি আবার তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে বলেই জানিয়েছেন সেলেনার কাছের এক বন্ধু।
সেলেনার ওই বন্ধুর ভাষ্য, ‘সত্যি বলতে, সেলেনার যে ধরনের সঙ্গী প্রয়োজন, বিবার মোটেও তেমনটা নয়। সম্প্রতি বিবারের সঙ্গে প্রেমের ইতি টানার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সেলেনা। আর কখনোই বিবারের জীবনে ফিরতে চায় না সে। বিবারকে ছাড়াই সামনে এগিয়ে যাওয়ার জন্য সে দৃঢ়প্রতিজ্ঞ।’
সেলেনার ওই বন্ধু আরও বলেন, ‘সেলেনার মা অন্তঃসত্ত্বা। পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানাতে মুখিয়ে আছে সেলেনা। মিউজিক ক্যারিয়ার নিয়েও সে দারুণ ব্যস্ত। এসব কারণে বিবারকে ভুলে থাকাটা তার জন্য সহজই হবে।’
এদিকে নানা বিতর্কে জড়িয়ে ১৯ বছর বয়সী বিবারের ক্যারিয়ারের অবস্থা খুব একটা ভালো নয়। এই ‘বেবি’ তারকাকে উদ্ধার করতেই নাকি শেষবার তাঁকে কাছে টেনেছিলেন সেলেনা। কিন্তু বিবারের শিশুসুলভ আচরণে হাঁপিয়ে উঠেছেন ২০ বছর বয়সী সেলেনা। এসব কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত পাকাপাকি করেছেন তিনি।