আবার বিয়ে করছেন রিয়া
নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী ফারজানা রিয়া আবারও বিয়ে করছেন। বর নাম ইভান চৌধুরী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। চাকরি করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি প্রতিষ্ঠানে। আগামীকাল বৃহস্পতিবার রিয়ার ইস্কাটনের বাসায় ইভানের সঙ্গে রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে উভয় পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত থাকবেন বলে জানান রিয়া।প্রথম আলো ডটকমকে আজ বুধবার সকালে রিয়া জানিয়েছেন, ‘আমার প্রথম বর মিনহাজের সঙ্গে বোঝাপড়ায় কিছুটা সমস্যা হচ্ছিল। কোনোভাবেই এর সমাধান হচ্ছিল না। গত এক বছর ধরে আমরা দুজন আলাদা থাকছিলাম। এরপর এ বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দুজনের সম্পর্কের ইতি ঘটেছে।ইভানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে রিয়া বললেন, ইভানের সঙ্গে বিয়ের ব্যাপারটি পুরোপুরিভাবে আমার পরিবার থেকে ঠিক করা হয়েছে। তাছাড়া ইভানের খালা (নৃত্যশিল্পী রহিজা খানম ঝুনু) ও আমাদের পরিবারের সম্পর্কটা দীর্ঘদিনের। আমি সবার কাছে শুধু দোয়া চাই, যেন আমরা ভালোভাবে থাকতে পারি। উল্লেখ্য, ২০০৮ সালে মিনহাজ নামের একজন বৈমানিককে বিয়ে করেছিলেন রিয়া।