আবার বিয়ে করবেন আরফিন রুমী
সংগীতশিল্পী আরফিন রুমী আবার বিয়ে করবেন। পাত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসা। রুমী বলেন, ‘আমি কামরুন নেসাকে ভালোবাসি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় আমরা একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি, ওর জন্মদিন উদ্যাপন করেছি। আমরা এখনো বিয়ে করিনি। তবে ভবিষ্যতে কামরুন নেসাকে বিয়ে করব।’ এদিকে নিউইয়র্ক থেকে নাম প্রকাশ না করার শর্তে রুমী ও কামরুন নেসার দুজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ে করেছেন রুমী। ই-মেইলের মাধ্যমে তাঁরা রুমী ও কামরুন নেসার অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পাঠান। রুমী বলেন, ‘আপনারা যে ছবি পেয়েছেন, তা কামরুন নেসার জন্মদিনে তোলা হয়েছিল।’ ৯ অক্টোবর নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন রুমী। কিন্তু বিয়ের ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে তিনি কিছুই বলেননি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা জানার জন্য যোগাযোগ করা হয় রুমীর সঙ্গে। রুমী বিবাহিত এবং এক সন্তানের জনক। তাঁর স্ত্রী অনন্যা। ছেলে আরিয়ানের বয়স দেড় বছর। রুমী বলেন, ‘আমাদের এই সম্পর্কের ব্যাপারটি আমার মা, স্ত্রী এবং পরিবারের সবাই জানেন। পুনরায় বিয়ে করার ব্যাপারে আমার স্ত্রীর কাছ থেকে মৌখিক সম্মতিও পেয়েছি। আশা করছি, আমার দ্বিতীয় বিয়ে নিয়ে আমার ও অনন্যার মাঝে কোনো সমস্যা হবে না।’রুমী আরও বলেন, ‘সম্প্রতি কামরুন নেসা তাঁর আগের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছে। কিন্তু আইনগতভাবে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। ওই বিষয়টির সমাধান হওয়ার পরই আমরা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আর তখন তা অবশ্যই সবাইকে জানাব।’