আবার বিয়ে করলেন অপূর্ব
আবার বিয়ে করলেন টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী নাজিয়া হাসান অদিতি। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী। অপূর্ব জানালেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্যামলীর আদাবরে অদিতির বাবার বাসায় তাঁদের আকদ হয়েছে। এরপর সন্ধ্যায় ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে উভয় পরিবারের আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের কাবিন ধার্য হয় ২০ লাখ টাকা। আগামী ডিসেম্বরে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।সকালে মুঠোফোনে অপূর্ব বললেন, ‘অদিতির সঙ্গে পারিবারিকভাবে একটা যোগাযোগ ছিল। আর বিয়েটাও আয়োজন করা হয়েছে পারিবারিকভাবেই।’মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অপূর্ব আরও জানান, ‘শুভ সকাল। আজ আমার জীবনের একটি বিশেষ দিন। এই দিনে আমার সবার দোয়া প্রয়োজন। সবার দোয়া আর শুভেচ্ছাই কেবল আমার নতুন জীবনকে আলোকিত করতে পারে। আজ আমি অদিতিকে বিয়ে করতে যাচ্ছি। আপনারা সব সময় যেমন আমার পাশে ছিলেন, তেমনই সব সময় পাশে পেতে চাই। ভালোবাসা আর শ্রদ্ধাসহ—অপূর্ব।’প্রসঙ্গত, মাস দুয়েক আগেও অদিতিকে বিয়ে করেছেন অপূর্ব এমন একটা গুজব রটেছিল। সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় অদিতির সঙ্গে অপূর্বর ছবিসহ খবরও প্রকাশিত হয়। তখন এটি অস্বীকার করেছিলেন অপূর্ব।এ বিষয়ে অপূর্ব বলেন, ‘আসলে মাস দুই আগের সেই অদিতিকেই বিয়ে করেছি। এখন আর এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। তবে সেদিন আমাদের বাগদান ছিল না। সেটা কোনো নাটকের দৃশ্যও ছিল না। ২৬ এপ্রিলের ছবিগুলো ছিল অদিতির জন্মদিনের অনুষ্ঠানের। বিষয়টি প্রকাশের পরিস্থিতি ছিল না বলেই মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। এ জন্য আমি দুঃখিত।’ গত বছর ১৯ আগস্ট অভিনয়শিল্পী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। এরপর এ বছর ১১ ফেব্রুয়ারি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।