আবার বিয়ে করেছেন ব্রিটনি!

২০০৪ সালে শৈশবের বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করে মাত্র ৫৫ ঘণ্টা পর বিচ্ছেদের পথে হেঁটে হইচই ফেলে দিয়েছিলেন মার্কিন পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্স। পরে মার্কিন নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনের সঙ্গে তিন বছর ঘর-সংসার করেন তিনি। ২০০৭ সালে বিচ্ছেদের পর আর বিয়ের পথ না মাড়ালেও এবার শোনা যাচ্ছে, গোপনে আইন বিশেষজ্ঞ ডেভিড লুকাডোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৩২ বছর বয়সী এ গায়িকা, নৃত্যশিল্পী ও ফ্যাশন ডিজাইনার।|
সম্প্রতি দুই সন্তান শ্যন এবং জেডেনের ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন ব্রিটনি। একপর্যায়ে ভক্ত ও আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়লে তাঁর অনামিকায় চমত্কার একটি সোনার আংটি দেখা যায়। মূলত এরপর থেকেই তাঁর বিয়ের খবর চাউর হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
গত বছরের শুরুর দিকে আইন বিশেষজ্ঞ ডেভিড লুকাডোর সঙ্গে ব্রিটনির পরিচয় করিয়ে দিয়েছিলেন ডেভিড ও ব্রিটনির বন্ধু-বান্ধবেরা। প্রথম দেখাতেই ডেভিডকে ভালো লেগে যায় ব্রিটনির। সেই থেকে চুটিয়ে প্রেম করছেন তাঁরা।
জনসমক্ষে ডেভিডকে ভালোবাসার কথা স্বীকারও করেছেন ব্রিটনি। ডেভিড সম্পর্কে তাঁর মন্তব্য, ‘সে অনেক বেশি আবেগপ্রবণ। সে আকর্ষণীয় এবং অনেক মজা করতে পারে। এক কথায়, আমি তাকে প্রচণ্ড ভালোবাসি।’