আবার বেজবাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন, ছবি: প্রথম আলো
সুমন, ছবি: প্রথম আলো

১৯ ডিসেম্বর বেজবাবা সুমনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি গানের ভিডিও আপলোড করা হয়। স্বাভাবিকভাবে সবাই ভেবেছে বেজবাবার গানই হবে। কিন্তু ভিডিওটিতে দেখা গেল ‘অ্যানি’স সং’ গানটি শ্রোতারাই গাইছেন। জন ডেনভারের এই গানটি বাংলা ভার্সনে গেয়েছেন বেজবাবা সুমন। অর্থহীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট।
‘চট্টগ্রাম মেডিকেল কলেজে কনসার্টে গিয়ে এই অভিজ্ঞতা হয়। আমাদের কোনো গানই পুরো গাইতে হয়নি। শুরু করার সঙ্গে সঙ্গে তাঁরাই গেয়েছেন। দর্শক-শ্রোতারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন আমাদের জন্য, এটা টের পেয়েছি,’ বললেন সুমন।
সুমনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেখেও তা বোঝা যায়। কনসার্টে ভক্তদের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। তিনি মনে করেন, ক্যানসারকেও তিনি জয় করেছেন সবার ভালোবাসা পেয়েছেন বলে। মনের জোর তো ছিলই।
এই অসুস্থতার কারণে প্রায় বছর পাঁচেক ঠিকমতো কনসার্ট করতে পারেননি। মাঝে পুরো এক বছর কোনো স্টেজ শো করেননি। সেপ্টেম্বরে চিকিৎসক জানালেন, সুমন ক্যানসারমুক্ত। তার পর থেকে আবার গানে ফিরেছেন। এই ডিসেম্বর মাসে এখন পর্যন্ত সাতটি কনসার্ট করেছেন। আর কয়েকটি হবে এই মাসেই।
ক্যানসারের সময়গুলোয় অবশ্য সুমন অনেক গান লিখেছেন। অসমাপ্ত ২-এর ‘ক্যানসার’ গানটি তখনই লেখা। গানের মানুষ গান থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারেন না।
তিন বছর আগে অর্থহীন ব্যান্ডের গানের অ্যালবাম অসমাপ্ত ২ বের হয়। সুমন এখন নিজের একক ও অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন। বললেন, ‘আগামী বছরের মার্চে সংগীতশিল্পী অানিলার সঙ্গে অ্যালবামটা বের করব। নরম সুরের রোমান্টিক ধাঁচের গান থাকবে এতে। আর অর্থহীনের নতুন অ্যালবাম হবে হেভি মেটাল, রক ধাঁচের গান নিয়ে। একসঙ্গে দুই ধরনের গানের স্বাদ পাবেন সবাই। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যাব। সেখান থেকে ফিরেই সব কাজ শুরু করব।’
সবে ক্যানসার সেরেছে, দীর্ঘ সময় ধরে মঞ্চে গান গাইতে সমস্যা হয় না? সুমন বললেন, ‘গান গাওয়ার জোশে খারাপ লাগা পাত্তা পায় না। আমি যে কাজে আনন্দ পাই, সেটা করার সময় অসুখের কথা ভাবি না। এই তো কিছুদিন আগে যমুনা ফিউচার পার্কে বামবার কনসার্টের সময় ১০৪ ডিগ্রি জ্বর ছিল। সেই জ্বর নিয়ে কনসার্ট করেছিলাম।’
এ সময়ের তরুণদের সঙ্গে কাজ করতে ভালো লাগে তাঁর। অর্থহীন ব্যান্ড এখন তারুণ্যনির্ভর। তিনি ছাড়া এই দলে আছেন দুই তরুণ—শিশির ও রাফা। নতুন প্রজন্মের ধ্যানধারণার সঙ্গে নিজের ধ্যানধারণার মিশ্রণে সবশেষে ভালো কিছুই হয়। তাঁদের থেকে অনেক কিছু শেখার আছে, জানালেন সুমন। ‘অনেকে তরুণদের ভাবনা মেনে নিতেন পারেন না। তাঁদের সুযোগ দিতে হবে কাজ করার। মনকে উদার করতে হবে। আমি তো রাফাকে গান গাইতে বেশি উৎসাহিত করি,’ বললেন তিনি।
পারিবারিক ব্যবসার কাজে নিয়েও ব্যস্ত সময় কাটছে। আর এফএম রেডিওর ভৌতিক শো ‘ভৌতিস্ট’-এর কাজ শুরু করবেন ২০১৫ সালের মার্চ থেকে। ক্যানসার থেকে সেরে ওঠার পরও তিন মাস পর পর চিকিৎসক তাঁকে পরীক্ষা করতে বলেছেন। তাই তিনি সব পরিকল্পনা করেন তিন মাসের জন্য।
নতুন বছরের প্রথম দিনটি মালয়েশিয়ায় কাটাবেন ছেলে আহনাফ আর মেয়ে অরোরার সঙ্গে। জীবনের সবচেয়ে সেরা সময়গুলো কাটে তাদের সঙ্গেই। তাদের বড় হওয়া দেখার জন্য আরও অনেক দিন বাঁচতে চান সুমন।