আবার ব্যস্ত রত্না
দেখতে দেখতে অভিনয়ের সাত বছর পূর্ণ করলেন রত্না। কেন ভালবাসলাম ছবি দিয়ে যাত্রা করেছিলেন। নায়ক ছিলেন ফেরদৌস।তুমুল জনপ্রিয় এই নায়কের সঙ্গে অভিনয় করে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি।এরপর আরও একাধিক ছবিতে অভিনয় করেন তিনি।কিন্তু হঠাৎ করেই রত্না যেন হারিয়ে গিয়েছিলেন। ‘আসলে চলচ্চিত্রই মাঝে পথ হারিয়ে ফেলেছিল। সিনেমা যখন পথ হারিয়ে ফেলে, তখন সিনেমার মানুষেরাও পথ হারায়। কিন্তু তার পরও আমি কিন্তু বছরে অন্তত একটি-দুটি করে ছবিতে কাজ করেছি।’ বলছিলেন রত্না।রত্না এখন আবার ব্যস্ত হয়ে পড়েছেন। শাকিব খান, কাজী মারুফ, নিরবদের সঙ্গে একাধিক ছবিতেই অভিনয় করছেন। চলতি বছরেই রত্না অভিনীত অঙ্ক মুক্তি পাবে। বললেন, ‘ছবির নাম শুনেই বোঝা যায়, একটু অন্য রকমের গল্পের ছবি এটি। অপেক্ষা করছি ছবিটির মুক্তির জন্য। এ ছাড়া এর মধ্যে যোগ্য সন্তান নামে একটি ছবিতে অভিনয় করলাম। এটি পারিবারিক ও প্রেমের গল্পের ছবি। আর কয়েক দিন কাজ করলেই ছবির শুটিং শেষ হয়ে যাবে।’রত্না অভিনয় করার পাশাপাশি পড়াশোনা নিয়েও ব্যস্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ থেকে অনার্স (স্নাতক) শেষ করেছেন। এ বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়েছেন। তিনি ক্লাসে যাওয়া শুরু করেছেন। ‘আমাকে দেখে সহপাঠীরা চিনে ফেলেন। অনেকেই জানতে চান, অভিনয় করে আবার পড়াশোনা করতে কষ্ট বা সমস্যা হয় কি না।‘আমি বলি, তেমন কোনো সমস্যা হয় না। আসলে ইচ্ছাশক্তিটাই বড়। আমার কাছে খুবই ভালো লাগে পড়াশোনা করতে, অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে বন্ধুত্ব করতে। আর সহপাঠীরা আমাকে অনেক সহযোগিতা করেন। তাঁদের সহযোগিতা পেয়েছি বলেই আমি কিন্তু অনার্সটা ভালোভাবে শেষ করতে পেরেছি।’পড়াশোনা শেষ করে রত্নার ইচ্ছে, তিনি বিসিএস পরীক্ষায় অংশ নেবেন। জনপ্রশাসনে চাকরি করতে চান তিনি।‘অভিনয় আমার নেশা ও পেশা। কিন্তু আমি তো আর সব সময় অভিনয় করব না। পাশাপাশি সরকারি চাকরি করার ইচ্ছা রয়েছে। সে জন্যই নিজেকে প্রস্তুত করছি। তখন ইচ্ছে হলে অভিনয়ও করব।’ বলছিলেন তিনি।চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রত্না এখন বিজ্ঞাপনচিত্র এবং নাটকেও কাজ শুরু করেছেন। রত্না আরও বললেন, ‘নাটকে আগে কাজ করা হয়নি। এবারই প্রথম একটি নাটকে কাজ করলাম। দেখলাম কেমন লাগে। ভালোই লাগল। ভালো গল্প পেলে হয়তো আরও নাটকে কাজ করব।’অনেক মাধ্যমেই কাজ করছেন। আপনার লক্ষ্য কী?প্রথমত, আমি বিনোদন ভুবনের একজন হয়ে থাকতে চাই। এর অনেকগুলো শাখা রয়েছে। প্রতিটি শাখার কাজ করে দেখছি, কোন মাধ্যমের কাজ কেমন। তবে অভিজ্ঞতাও অর্জন করছি। নিজের ভিত্তি তৈরি করতে পড়াশোনা করছি। আর আমার পরিচয়, আমি চলচ্চিত্রের একজন মানুষ। আমার লক্ষ্য হচ্ছে ভালো কিছু কাজ করা। হা...হা...হা...।রত্নার হাসি বলে দিচ্ছে, তিনি আসলে আনন্দ পেতে কাজ করেন। আনন্দ নিতে কাজ করেন। ভালো অভিনয় করার আকাঙ্ক্ষা তার প্রবল। কিন্তু সুযোগ অপ্রতুল। আর এর মধ্য দিয়েই রত্না সুযোগ খুঁজে নিতে চান।