আবার বড় পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম, বিয়ে, সন্তান—এভাবে নয়। বরং উল্টো ক্রমে ঘটনাগুলো ঘটলে কেমন হবে? দ্য ব্যাক আপ প্ল্যান ছবিতে সেটাই দেখানো হয়েছে। অনেক দিন একা থাকার পর জো (জেনিফার লোপেজ) সিদ্ধান্ত নেন মা হওয়ার। কৃত্রিমভাবে গর্ভ ধারণ করে ফেরার সময়ই দেখা হয় স্ট্যানের (অ্যালেক্স ও’লফলিন) সঙ্গে। প্রেম হতেও দেরি হয় না। কিন্তু তত দিনে জো যমজ সন্তানের মা হতে চলেছেন।দুই বছর বিরতির পর আবার বড় পর্দায় দেখা গেল জেনিফার লোপেজকে। এ সপ্তাহে মুক্তি পেল তাঁর নতুন ছবি দ্য ব্যাক আপ প্ল্যান। ২০০৮-এ যমজ সন্তানের মা হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি। তবে এটাকে কামব্যাক ছবি বলতে নারাজ জেনিফার লোপেজ—‘মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরে এলাম। আর এত মোটা হয়ে গিয়েছিলাম, ওজন কমানোরও তো দরকার ছিল।’ ৫০ পাউন্ড ওজন কমিয়ে আবার আগের চেহারায় ফিরে এসেছেন তিনি। এর পেছনে নাকি তাঁর দুই যমজ সন্তান ম্যাক্স আর এমের কৃতিত্বই বেশি—‘ম্যাক্সের ওজন ২৮ পাউন্ড আর এম ২২। একজনকে কোলে নিলে আরেকজন চিত্কার জুড়ে দেয়। বাধ্য হয়ে দুজনকে দুই হাতে তুলে নিতে হয়। এমন চমত্কার ব্যায়াম আর হয় নাকি!’ বলেছেন জেনি।দুই সন্তান আর স্বামী মার্ক অ্যান্থনিকে নিয়ে জেনি আছেন বেশ। আগের জীবনটার স্বাদ নাকি এখন ভুলেই গেছেন। র্যাপ গায়ক পাফ ড্যাডির সঙ্গে গ্যাংস্টারদের মতো ঘুরে বেড়াতেন ম্যানহাটনের নাইট ক্লাবগুলোতে। পাপারাজ্জিরা জোঁকের মতো লেগে থাকত বেন অ্যাফলেক-জেনিফার লোপেজ জুটির পেছনে। সেসব পেছনে ফেলে জেনিফার লোপেজ এখন স্ত্রী আর মায়ের ভূমিকায় দারুণ সুখের দিনই কাটাচ্ছেন।তবে তাঁর দ্য ব্যাক আপ প্ল্যান কিন্তু সফল হয়নি। তাঁর ছবিকে টপকে হাউ টু ট্রেইন ইউর ড্রাগন চলে গেছে এক নম্বরে। জেনিফার লোপেজের দ্য ওয়েডিং প্ল্যানার, মেইড ইন ম্যানহাটন ছবিগুলোর ধাঁচেই বানানো হয়েছিল দ্য ব্যাক আপ প্ল্যান। এ নিয়ে টানা চারটি ছবি ফ্লপ হলো জেনিফার লোপেজের। এর আগে অ্যান আনফিনিশড লাইফ (২০০৫), বর্ডারটাউন (২০০৭) ও এল কানতানতে (২০০৭) ছবিগুলোও ব্যবসায়িক সাফল্য পায়নি।তাঁর সংগীতজীবনেও বড় পরিবর্তন এসেছে। সনি মিউজিকের সঙ্গে সম্পর্ক চুকিয়ে জেনিফার এখন চুক্তিবদ্ধ হয়েছেন আইল্যান্ড ডেফ জ্যাম রেকর্ডসে। এ বছর এই লেবেল থেকেই মুক্তি পাবে জেনিফার লোপেজের নতুন অ্যালবাম লাভ?। গানের জগতেও তিন বছরের বিরতি হয়ে গেছে তাঁর। এর মধ্যে উত্থান হয়েছে রিহানা, লেডি গাগা, টেইলর সুইফটদের। গানে জেনিফারের জায়গাটা অটুট আছে কি না, সেটাও তাই আবার প্রমাণ করতে হবে তাঁকে।