আবার ভাঙল শখ-নিলয়ের প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখ-নিলয়ের আলোচিত প্রেমে এখন ভাঙনের সুর। একসময়ের ঘনিষ্ঠ এ জুটি এখন একসঙ্গে কাজ করতেও নারাজ। ফেসবুকে দুজনের রিলেশনশিপ স্ট্যাটাস ‘ইন অ্যা রিলেশনশিপ’ থেকে ‘সিঙ্গেল’ হয়ে গেছে।

শখ-নিলয়ের মধ্যকার সম্পর্কের ভাঙনের গুঞ্জন দুজনের জন্যই নতুন কিছু নয়। কখনো দুজন তাঁদের সম্পর্ককে বন্ধুত্ব বলেছেন, আবার কখনো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু বলেও দাবি করেছেন তাঁরা। তবে এবার মান-অভিমানের পর্বের চেয়ে সম্পর্ক ভেঙে গেছে বলেই একসঙ্গে কাজ করতে চাইছেন না তাঁরা। একটি অনুষ্ঠানের পরিবেশনায় নিলয়ের বিপরীতে অংশ নেওয়া নিয়ে শখ-নিলয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি জানাজানি হয়।

এ প্রসঙ্গে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ বলেন, ‘আমি আপাতত নিলয়ের সঙ্গে কোনো ধরনের পরিবেশনায় অংশ নিতে চাই না। আমাদের দুজনের মধ্যকার সম্পর্কটাও এখন আর আগের মতো নেই। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

একপর্যায়ে শখ বলে ওঠেন, ‘আমি আসলে নিলয় নামে কাউকে চিনতেও চাই না। এখন পুরোদমে ঈদ উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউসের ফটোশুট ও কয়েকটা নাটকের শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত আাাছি।’

নিলয় অবশ্য তাঁদের সম্পর্কের ভাঙনের বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

এক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের জানুয়ারিতে শখ-নিলয়ের সম্পর্কের ভাঙনের খবর প্রথম শোনা যায়। সে সময় নিজেদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ’ থেকে ‘সিঙ্গেল’-এ ফিরে যান তাঁরা দুজন। তবে ফেব্রুয়ারি মাসে তাঁরা দাবি করেন, নিজেদের মধ্যকার ভুল-বোঝাবুঝি যা ছিল, ঠিক হয়ে গেছে।’

সে সময় শখ বলেছিলেন, ‘এটা ঠিক যে, নিলয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। তখন রাগ করেই উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছিলাম। সত্যি বলতে, সম্পর্কের মধ্যে তো টুকটাক ঝগড়া থাকবেই। এ নিয়ে এত কথা বলার তো কিছুই নেই। আমি বলতে চাই, ওসব মিটমাট হয়ে গেছে। আমরা আগের মতোই আছি। আমাদের জন্য দোয়া করবেন। ইচ্ছে আছে আমাদের প্রেম ও ভালোবাসাকে বিয়েতে রূপ দেওয়ার।’ সে সময় নিলয় বলেছিলেন, ‘আমরা বেশ ভালো আছি।’

২০১১ সালের নভেম্বর মাসে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন শখ-নিলয়। ২০১২ সালের সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সম্পর্কের বিষয়টি বিয়ের গুঞ্জন পর্যন্ত গড়িয়েছিল।

বিয়ের স্বপ্ন দেখা এ জুটির সম্পর্কের বর্তমান ফাটল আর জোড়া লাগবে কি? শখ-নিলয় জুটি মুখ না খুললেও সময়ই বলে দেবে কী সিদ্ধান্ত নিলেন তাঁরা।