আবার মঞ্চে নাগরিকের ‘অচলায়তন’
নাগরিক নাট্যসম্প্রদায় রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকটি প্রথম মঞ্চে এনেছিল ১৯৮০ সালের জুন মাসে। নির্দেশনা দিয়েছিলেন আলী যাকের। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল মহিলা সমিতি মিলনায়তনে। ২০০০ সালের জুন মাস পর্যন্ত অচলায়তন নাটকের ৫১টি প্রদর্শনী হয়। এরপর নাটকটির আর কোনো প্রদর্শনী হয়নি। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ছায়ানট বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করেছে। এরই অংশ হিসেবে আগামী ৩ মার্চ থেকে আয়োজন করা হয়েছে তিন দিনের নাটক ও চলচ্চিত্র উৎ সব। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত উৎ সবে মঞ্চস্থ হবে সেই অচলায়তন নাটকটি।জানা গেছে, এবার সম্পূর্ণ নতুনদের নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। সংগীত ও কোরিওগ্রাফিতে যোগ হচ্ছে নতুন মাত্রা। নাটকের ‘পঞ্চক’ চরিত্রে আগে অভিনয় করেছিলেন খালেদ খান। এবার চরিত্রটি করবেন রওনক হাসান।এবারও নাটকটির নির্দেশনা দিচ্ছেন আলী যাকের। তিনি বলেন, ‘নতুন নতুন নাটক করার জন্য অচলায়ন-এর খুব বেশি প্রদর্শনী তখন করতে পারিনি। ছায়ানটের ইচ্ছায় নাটকটি আবার মঞ্চে আনছি।’ তিনি আরও বলেন, ‘আমার মতে, এই সময়ে নাটকটির যথেষ্ট তাৎ পর্য রয়েছে। এ নাটকের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ধর্মান্ধ সমাজের মুখোশ উন্মোচন করেছেন। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’আগামী ৫ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে।