আবার মঞ্চে বন্যা!

চার বছর! হ্যাঁ, চার বছরই হবে। নিশ্চিত করেন বন্যা মির্জা। এই চার বছর মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। সংখ্যা বিচারে চার, কিন্তু বন্যার কাছে সময়টা দীর্ঘই বটে। মঞ্চ কাঁপানো এ অভিনেত্রীই কিনা মঞ্চ থেকে দূরে, তা-ও আবার চার বছর!
কেন? অভিমান, হতাশা, নাকি ব্যক্তিগত সমস্যা? প্রশ্ন শুনে হাসেন তিনি। হাসি মিলিয়ে যাওয়ার আগেই বলেন, ‘এসবের কোনোটাই নয়। আমি চার বছর আগে দর্পণে শরৎশশী নাটকের মাধ্যমে মঞ্চে উঠেছিলাম। এই নাটকটির শো বন্ধ ছিল এত দিন। এ কারণেই আর কাজ করা হয়নি।’ সর্বশেষ গত বছর ডিসেম্বরে দর্পণে শরৎশশীর দুটি প্রদর্শনী হয়। তখন ‘শরৎশশী’ হয়ে মঞ্চে ওঠেন বন্যা।
: কিন্তু চাইলে তো দেশ নাটকের অন্যান্য প্রযোজনায় কাজ করতে পারতেন।
: দেখুন, আমি কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার কেউ না। কাজ করি মাত্র। সেখানে আমাকে যে কাজ দেওয়া হয়, সেটাই করি। আমাকে যদি সেট ডিজাইন করতে বলা হয়, করব। আবার যদি পোশাক ডিজাইন করতে বলা হয়, সমান আগ্রহ নিয়ে করব। তখন দল হয়তো অন্যান্য প্রযোজনায় আমাকে জরুরি মনে করেনি, তাই কাজ করা হয়নি। তারা আবার যখন চেয়েছে আমি ছুটে গিয়েছি। আমার কিন্তু মঞ্চের যেকোনো কাজেই সমান আগ্রহ।
মঞ্চই বন্যার ভালোবাসার জায়গা। এ কারণেই যখনই মঞ্চে ওঠেন, সেই প্রথম দিন মঞ্চে ওঠার অনুভূতি বয়ে যায় নিজের ভেতর। বললেন, ‘১৯৯২ সাল থেকে মঞ্চে কাজ করি। আজও মঞ্চে উঠলে প্রথম দিনের অনুভূতি পাই।’
এ তো গেল মঞ্চের কথা। টিভি? সেখানেও আগের মতো পাওয়া যায় না বন্যা মির্জাকে। বললেন, ‘এমন অভিযোগ কিন্তু আমিও শুনি। টিভিতে কাজ যে একদমই করছি না, তা কিন্তু নয়। এখন এত টিভি চ্যানেল, আলাদা করে হয়তো অনেকের চোখেও পড়ে না। তবে এটা সত্যি, কাজ কিছুটা কমিয়ে দিয়েছি।’
: তাহলে ব্যস্ততা কী নিয়ে?
: একাত্তর টিভিতে একাত্তরের সকাল ও আর টিভিতে রান্নার অনুষ্ঠান উইশের ডিশ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। আরও দু-একটি অনুষ্ঠানে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। এ ছাড়া মাঝেমধ্যে অনেক জায়গায় নাটকের কর্মশালার ক্লাস নিতে হয়। সংসার তো আছেই।
বছর কয়েক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছে বন্যার। আনন্দের সঙ্গে বন্যা বললেন, ‘আমরা অনেক ভালো আছি। সম্পর্কের জন্য পরস্পরের বোঝাপড়াটা জরুরি। আমাদের মধ্যে সেই জিনিসটা আছে।’
বন্যা কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রে। কথা ছিল হাসিবুর রেজা কল্লোলের সত্তা ছবিতেও কাজ করবেন। কিন্তু কয়েকটি দৃশ্য করেই ছেড়ে দিতে হয়েছে। এ জন্য এখনো আফসোস হয় তাঁর। বললেন, ‘এত ভালো একটা গল্প আর টিম, যা আসলে পাওয়া কঠিন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি কাজটা করতে পারলাম না। এ জন্য সত্যি মাঝেমধ্যে খারাপ লাগে।’
সত্তাতে কাজ করতে না পারলেও মঞ্চে নিজের সত্তা বজায় রেখেছেন ঠিকই। ইচ্ছে, যত দিন পারেন মঞ্চে কাজ করে যাবেন। কারণ, বন্যা মির্জার কাছে মঞ্চই নিজেকে মেলে ধরার বড় মাধ্যম।