আবার মহাকালের সরাসরি গান
এক বছর পর আবার টেলিভিশন দর্শকদের সরাসরি গান শোনাতে আসছে তরুণ প্রজন্মের প্রিয় ব্যান্ড মহাকাল।আগামীকাল রাতে মহাকাল ব্যান্ডের সরাসরি গানের অনুষ্ঠানটি এনটিভিতে প্রচারিত হবে। টেলিভিশনে এটি মহাকালের দ্বিতীয় সরাসরি গানের অনুষ্ঠান। দুই সপ্তাহ ধরে মহড়ায় ব্যস্ত সময় পার করছেন ব্যান্ডের সদস্যরা।মহাকাল ব্যান্ডের অন্যতম সদস্য স্বাগতা জানিয়েছেন, সম্প্রতি ১০ বছরে পদার্পণ করেছে মহাকাল। এই ১০ বছরে টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠানে আমরা খুব একটা পারফর্ম করিনি। টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠানে আমরা প্রথম অংশ নিই গত বছর একুশে টেলিভিশনে। এবার নিচ্ছি এনটিভিতে। আর তাই ব্যান্ডের সব সদস্য অনেক বেশি উচ্ছ্বসিত।’স্বাগতা আরও বলেন, ‘সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিতে দুই সপ্তাহ ধরে আমরা নিজেদের প্রস্তুত করছি। একটানা মহড়ায় অংশ নিচ্ছি। আমাদের বিশ্বাস, ভালো মানের একটি গানের অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারব।’ মহাকাল ব্যান্ডের সদস্যরা হলেন: রিয়াদ (ড্রামার), রাতুল (লিড গিটারিস্ট), স্বাগতা (ভোকাল), সন্ধি ( ভোকাল) ও তূর্য (বেজ গিটারিস্ট)।নয় বছরে পাঁচটি মিশ্র অ্যালবামে মহাকাল ব্যান্ডের গান প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হলো: ‘স্বপ্নচূড়া-১’, ‘স্বপ্নচূড়া-৩’, ‘রক ২০২’, ‘রক ৪০৪’ ও ‘অতঃপর’। ২০১১ সালে প্রকাশিত হয়েছে তাদের প্রথম একক অ্যালবাম। ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নাম রাখা হয় ‘মহাকাল’।