আবার মামলার প্যাঁচে শাহরুখ!
প্রকাশ্যে ধূমপানের অভিযোগে করা মামলা থেকে মুক্তি পেতে না পেতে আবার মামলার প্যাঁচে পড়তে যাচ্ছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ‘রা ওয়ান’ তারকা শাহরুখ। এবার একই ঘটনায় শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন মুম্বাইয়ের অধিবাসী অমিত মেরু। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শিশুদের সামনে নোংরা ভাষায় গালিগালাজ করে তাদের কোমল মনকে কলুষিত করার অভিযোগে শাহরুখের বিরুদ্ধে এ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন অমিত। এরই মধ্যে তিনি আইনজীবী ওয়াই পি সিংকে সঙ্গে নিয়ে শাহরুখের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়েছেন। অমিত তাঁর অভিযোগে বলেন, ‘অনেক বড় মাপের তারকা শাহরুখ খান। ভারতের অনেক মানুষই তাঁকে অনুকরণ করে। এর মধ্যে শিশুরাও রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রকাশ্যে নোংরা ভাষায় গালিগালাজ করেছেন তিনি। এ সময় তাঁর আশপাশে থাকা শিশুরা সেসব শুনেছে। অবশ্যই এটা কোমলমতি শিশুদের মনের ওপর বিরূপ প্রভাব ফেলেছে, যা ওদের জন্য ক্ষতিকর।’