আবার মুখর হবে ‘সাঁঝের মায়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুফিয়া কামাল নেই, তাই তাঁর ধানমন্ডির বাড়ির প্রিয় বারান্দাটি আর আগের মতো আন্দোলনকর্মী, ভক্ত বা শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সরব হয় না। এবার এই ছবিটা পাল্টানোর উদ্যোগ নেওয়া হলো।‘সাঁঝের মায়া’কে আবার আলোচনা, তর্কবিতর্কে মুখরিত করে তোলার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশের নারী ও রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম অগ্রপথিককে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানো এর অন্যতম উদ্দেশ্য।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কবির স্মৃতিবিজড়িত বাড়ির সেই বারান্দায় বসে ‘সাঁঝের মায়া ট্রাস্ট’-এর নেতৃত্বে এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করেন বিশিষ্টজনেরা।আলোচনায় ঠিক হয়, সাঁঝের মায়ায় বিভিন্ন বিষয়ের মধ্যে সুফিয়া কামালের আদর্শ তুলে ধরা হবে। এতে করে নতুন প্রজন্ম সুফিয়া কামালকে জানার সুযোগ পাবে। তাঁর আদর্শ সামনে রেখে নতুন নেতৃত্ব গড়ে উঠবে বলে প্রত্যাশা উচ্চারিত হয়। আলোচনায় সুফিয়া কামালের মেয়ে আইনবিদ ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘সুফিয়া কামাল ঘরে-বাইরে তফাত করেননি। তিনি স্বাপ্নিক, কর্মী ও ব্রতী ছিলেন। ...তাঁর কাছে যাঁরাই আসতেন, তাঁরাই ক্ষমতায়িত হয়ে ফিরে যেতেন। তাঁর আদর্শ থেকে সর্বজনীনভাবে অনেক কিছু শেখার আছে।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘খালাম্মা (সুফিয়া কামাল) বেঁচে থাকতে এই বারান্দাকে সবাই নিজের একটি জায়গা বলে মনে করতাম। সেভাবেই এই বারান্দাকে ব্যবহার করতে হবে। এটি ফসিল স্মৃতিকেন্দ্র না হয়ে একটি চলমান কেন্দ্র হয়ে উঠবে।’ আলোচনা ও আড্ডায় অংশ নেন জিয়া উদ্দিন, তারিক আলী, আবুল বারক আলভী, জিনাত আরা হক, খুশী কবির, এম বি আখতার, নার্গিস জাফর, সাঈদা কামাল, ফওজিয়া মোসলেম, মোতাহার আখন্দ, রোকেয়া কবীর, ফওজিয়া খোন্দকার, শাহীন আকতার, নাসিমুন আরা হক, রুচিরা তাবাসসুম, সামিয়া আহমেদ, নিনা গোস্বামী, ফারহানা হাফিজ, বন্যা লোহানী, বনশ্রী ডলি প্রমুখ।