আবার রবিন হুড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলে ডাকু সর্দার আর কেউ বলে গরিবের রাজা। দুর্ধর্ষ তীরন্দাজ। তলোয়ারবাজিতে অদ্বিতীয়। সাঙ্গোপাঙ্গোদের নিয়ে দাপিয়ে বেড়ান শেরউডের জঙ্গল। বড়লোকের ধন লুট করে অকাতরে বিলিয়ে দেন গরিবদের মধ্যে। শত চেষ্টা করেও তার টিকিটির নাগাল পায় না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুঝতেই পারছেন, রবিন হুডের কথাই বলতে চলেছি।লোককথার এই চরিত্রের রুপালি পর্দায় উপস্থিতি নতুন নয়। রবিন হুড তার নিজ দেশের সীমানা ছাড়িয়ে দারুণ রকম জনপ্রিয় এমনকি এই বাংলাদেশেও। দুঃসাহসী সেই চরিত্রকেই এবার তার ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন গ্ল্যাডিয়েটর নির্মাতা রিডলে স্কট। রবিন হুডরূপেও হাজির আছেন সেই রাসেল ক্রো।এ ছবিতে দেখা যাবে রাজা রিচার্ডের মৃত্যুর পর নটিংহামে পাড়ি জমায় রবিন হুড। এই শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে নিষ্ঠুর এক শেরিফ। এই গ্রামেই আছে লেডি মেরিয়ন নামের এক নারী (কেট ব্ল্যানশেট)। ফেরারি রবিন হুড অচিরেই প্রেমে পড়ে যায় লেডি মেরিয়নের। তবে তাই বলে এলাকার গরিবদের কথা ভোলে না রবিন। লেডি মেরিয়নের মন জিতে নেওয়া আর গরিব এলাকাবাসীকে শেরিফের অত্যাচার থেকে চিরতরে রেহাই দেওয়া। এই হয়ে ওঠে রবিন হুডের ধ্যান-জ্ঞান। অচিরেই তার দুর্ধর্ষ দলবল নিয়ে ‘দুষ্টের দমন’ কাজে নামে রবিন হুড। রবিন হুড ছবির পয়লা প্রদর্শনী হয় এবারের কান উৎসবে। এই ছবি দিয়েই পর্দা ওঠে কান চলচ্চিত্র উৎসবের। গেল মাসের ১৪ তারিখে ছবিটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। মজার ব্যাপার এই, ২০০৭ সালেই শুরু হয়েছিল ছবিটির কাজ। তখন ছবিটির নাম ছিল নটিংহাম। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ছবিটির পেছনে সময় দিতে রাজি ছিলেন না রাসেল ক্রো। পরে তাঁর পরামর্শেই ছবিটির নাম পাল্টে রাখা হয় রবিন হুড। ছবির কাহিনিতেও আসে বেশকিছু পরিবর্তন। শেষ পর্যন্ত অবশ্য ছবিটি তুমুল সাড়া ফেলে দিয়েছে এমন নয়। মুক্তির প্রথম সপ্তাহে আয়ের দিক থেকে আয়রন ম্যান-২ ছবিটির ঠিক পেছনে ছিল ছবিটি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই মিশ্র প্রতিক্রিয়া হয়েছে ছবিটি নিয়ে। বেশির ভাগ সাময়িকী ও চলচ্চিত্র সমালোচকদের চোখে ‘মাঝারি’ মানের ছবি হিসেবে বিবেচিত হয়েছে রবিন হুড। তথ্যসূত্র: ওয়েবসাইট