আবার রবীন্দ্রনাথ নিয়ে ইফ্ফাত আরা দেওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফ্ফাত আরা দেওয়ান মূলত রবীন্দ্রনাথের গানই করেন বলে তাঁর এ পর্যন্ত প্রকাশিত ১৫টি অ্যালবামের মধ্যে সাতটিই রবীন্দ্রসংগীতের একক উপস্থাপনা। বাকি আটটি আধুনিক ও পুরোনো বাংলা গানের।গতকাল মঙ্গলবার সন্ধ্যায়ই মোড়ক উন্মোচিত হয়ে আত্মপ্রকাশ হলো ইফ্ফাত আরার সপ্তম রবীন্দ্রসংগীত অ্যালবামটি। বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত তুমি যেয়ো না নামের এ অ্যালবামটির মোড়ক উন্মোচন হয় বেঙ্গল শিল্পালয়ে। মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাতের হাতে মোড়ক উন্মোচন পর্বের পর শিল্পী গান গেয়েও শোনালেন। নতুন এই অ্যালবামের এবং বাইরে থেকে অনুরোধের কিছু গান গেয়ে শোনান তিনি। ‘কে গো অন্তর তর সে!’, ‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’, ‘গানের ভিতর দিয়ে যখন দেখি’ দিয়ে শুরু করে একে একে ‘বনে যদি ফুটল কুসুম’, ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’, ‘আমি কী গান গাব যে’, ‘জীবন যখন শুকায়ে যায়’, ‘শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়’ ও ‘খেলার সাথি, বিদায়দ্বার খোলো’ গানগুলো পরিবেশন করেন। সবার মতোই শিল্পী নিজেও রাজধানীর মেঘমেদুরতায় আক্রান্ত হয়েছিলেন বলেই হয়তো বেশ কয়েকটি গানই ছিল বর্ষা নিয়ে। অতিথিরাও জমে যান আড্ডায়। বৈঠকি ঢঙে এগিয়ে যায় অনুষ্ঠান। ইফ্ফাত আরা দেওয়ানের চর্চিত গলার মাধুর্যে মুগ্ধ হতে থাকেন শ্রোতা। অনেক দিন পর রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপনের প্রাক্কালে ইফ্ফাত আরার এ নিবেদনও রবীন্দ্র অনুরাগীদের মন ভরিয়ে দেবে বলে আশা করা যায়। অ্যালবামে গান রয়েছে ১২টি। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।হারানো দিনের গানআজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা বিভাগের উদ্যোগে একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে রয়েছে ‘হারানো দিনের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা পুরোনো বাংলা গান পরিবেশন করবেন। বেণুকার ৩০ বছরসাংস্কৃতিক সংগঠন বেণুকা ললিতকলা কেন্দ্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল বৃহস্পতিবার ও ২৫ জুন শুক্রবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। এ ছাড়া বেণুকার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা খানের ৭০তম জন্মবার্ষিকীও উদ্যাপন করা হবে। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলা হয়, কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে বেণুকার শিল্পীরা গান ও নাচ পরিবেশন করবেন। পাখায় পাখায় ছন্দ২৫ জুন শুক্রবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে নিয়াজ রহমানের পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ‘পাখায় পাখায় ছন্দ’। নিয়াজ রহমান পেশায় চক্ষু বিশেষজ্ঞ। ছবি তোলা তাঁর নেশা। দেশে-বিদেশে দুই দশক ধরে তোলা পাখির ৭০টির বেশি ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনী সম্পর্কে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী নিয়াজ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল ও ফারুক আহমেদ। সম্মেলনে বলা হয়, প্রদর্শনীতে রয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘বালি ময়না’র ছবি, যে পাখিটি বিলুপ্তির কাছাকাছি পৌঁছে গেছে। পৃথিবীতে এই পাখির সংখ্যা এখন মাত্র ১২টি। এ ছাড়া বেলেহাঁস, রাজহাঁস, গুলিন্দা, চখাচখি, নিকোবর পিজিয়ন, উড ডাক, আমেরিকান ফ্লেমিঙ্গোসহ বিভিন্ন বিচিত্র পাখির ছবি রয়েছে প্রদর্শনীতে। শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করবেন আলী যাকের। চলবে ২ জুলাই পর্যন্ত। এই প্রদর্শনী খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।