আবার শাহনাজ রহমতউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড্ডার আমেজে সামিনা চৌধুরী ও শাহনাজ রহমতউল্লাহ
আড্ডার আমেজে সামিনা চৌধুরী ও শাহনাজ রহমতউল্লাহ

গত বছরের ১১ অক্টোবর প্রথম আলোর ‘আনন্দ’ পাতায় প্রকাশিত এক সাক্ষাৎকারে শাহনাজ রহমতউল্লাহ গান থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি এখন আর গানের সঙ্গে নেই। অনেকের জীবনেই পরিবর্তন আসে। আমারও এসেছে।’ আজ আবার তিনি গান গাইবেন। জানালেন, আয়োজক প্রতিষ্ঠানের অনুরোধে আবার গান গাইতে রাজি হয়েছেন তিনি।
শাহনাজ রহমতউল্লাহর গানের অনুষ্ঠানটির আয়োজন করেছে সিটি ব্যাংক। অনুষ্ঠিত হবে বিকেলে রাজধানীর হোটেল র‌্যাডিসনে। আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে শাহনাজ রহমতউল্লাহর সঙ্গে গান গাইবেন সামিনা চৌধুরী। শাহনাজ রহমতউল্লাহ গাইবেন দুটি গান। পৌনে এক ঘণ্টার এই অনুষ্ঠানের বাকি সময়টাতে শাহনাজ রহমতউল্লাহর জনপ্রিয় কিছু গান শোনাবেন সামিনা চৌধুরী।
শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘আমি এটাকে কোনোভাবেই গানে ফেরা বলব না।’
এদিকে সামিনা চৌধুরী বলেন, ‘আশা করছি, আজ চমৎকার একটি অনুষ্ঠান হবে। আর গানগুলো সবার ভালো লাগবে।’